আগামীকাল শুক্রবার একই দিনে ১২টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় এবং সংস্থার চাকরির পরীক্ষা পড়েছে। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে জানা গেছে, এদিন সকাল ও বিকেলে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা পড়েছে একই সময়ে। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন থাকা সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। ১ হাজার ৪৩৯টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৯০৪ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরও প্রশ্নফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়। এরপর গত ৪ ফেব্রুয়ারি আবারও এই পরীক্ষার সূচি নির্ধারণ করে শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে কর্তৃপক্ষ।
সমন্বিত পাঁচ ব্যাংক ছাড়াও আগামীকাল শুক্রবার আরও যেসব প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার; পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষা; বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা; ব্যাংক এশিয়া লিঃ এর বিজনেস অফিসার (অন প্রবেশন) পদের নিয়োগ পরীক্ষা; তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প এর তথ্যসেবা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তথ্যসেবা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা; দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর এসিসটেন্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষা; বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা; পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন-মানব সম্পদ) পদে নিয়োগ পরীক্ষা; পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল,খুলনার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর রাজস্ব খাতভুক্ত ‘স্টিম লাইন ফিল্টার অপারেটর’ পদে নিয়োগ পরীক্ষা।
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করে। সব প্রতিষ্ঠান একই সময়ে পরীক্ষা নেওয়ায় সে সময় প্রতি শুক্রবার গড়ে ১৫টি প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষা পড়ে। একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। ডিসেম্বরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চাকরির পরীক্ষা কমে যায়।
আবার মার্চ থেকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষাগুলোর পরীক্ষার তারিখও দেওয়া হচ্ছে। আবার শুরু হচ্ছে সব প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা। একই সঙ্গে সব প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করায় পরীক্ষার্থীরা আশঙ্কা করেছিলেন, আবার একই দিনে একাধিক চাকরি পরীক্ষা পড়বে। তাদের সেই আশঙ্কাই যেন সত্যি হলো।