© সংগৃহীত
দুটি পা ও একটি হাত ছাড়াই জন্ম নেওয়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সেই শাহিদা খাতুনের সহায়তায় এগিয়ে এসেছেন পুনাকের (পুলিশ নারী কল্যাণ সমিতি) সভানেত্রী জীশান মির্জা।
নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সমাজ উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজকর্মের জন্য একাধিকবার 'জয়িতা' সম্মাননা পেলেও শাহিদা বিশেষ কোটায় কোনো চাকরির ব্যবস্থা হচ্ছিল না। তবে এবার পুনাকের সহায়তায় তার চাকরির ব্যবস্থা হয়েছে।
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিবন্ধী শাহিদা খাতুনের পাশে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মির্জা।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং সমাজে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পাশাপাশি তাদের রয়েছে বিরল ভূমিকা। যার প্রমাণ যশোরের দুই হার না মানা অদম্য মেধাবী তামান্না নুরা ও শাহিদা খাতুন। ইচ্ছে থাকলে প্রতিবন্ধী হয়েও অনেক কিছু করা সম্ভব তারা বুঝিয়ে দিয়েছেন।
শারীরিক প্রতিবন্ধী পরিবারের জন্য (পুনাক) সভানেত্রীর মানবিক উদ্যোগ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী জীশান মির্জা।
শিমুলিয়া গ্রামে শাহিদা খাতুনের নিজ বাড়ি সংলগ্ন বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জীশান মির্জা শাহিদা খাতুনের প্রতিবন্ধী বিদ্যালয়ে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের কোমলমতি বিশেষ প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে জীবন যুদ্ধে হার না মানা এবং লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করায় প্রতিবন্ধী শাহিদার জন্য আকিজ গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ পদে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসার এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
শাহিদা খাতুন (৩০) যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গোপীনাথপুর গ্রামের রফি উদ্দিনের মেয়ে। জন্মগতভাবেই তার দুটি পা ও একটি হাত নেই। শুধু বাম হাত দিয়েই তার সব কাজ করতে হয়।
বাবা রফিউদ্দিন মুদি দোকানি। তার ছয় সন্তানের মধ্যে শাহিদা চতুর্থ। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই ২০১৫ সালে যশোর সরকারি এম এম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করেছেন শাহিদা।