আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে সন্ত্রাসী হামলা

১৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ PM

© সংগৃহীত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষাকেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হলেও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়।

এসময় তারা পরিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলে এবং পরিক্ষার্থীদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়া পরীক্ষা বর্জনের ঘটনা ঘটে পুরান ঢাকার লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজ কেন্দ্রেও।

ওই দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগে লক্ষ্মীবাজারে মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে কিছু শিক্ষার্থী বের হয়ে যায়। এ সময় বর্জনকারীরা অন্যদেরও জোর করে বের করে দেয়।

এক ঘণ্টার মতো পরীক্ষা চলার পর মোহাম্মদপুর কেন্দ্রে একদল সন্ত্রাসী ঢুকে পরীক্ষারত শিক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফিলে এবং তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়।  

মোহাম্মদপুর কেন্দ্রে পরীক্ষা দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ আহমেদ ভুঁইয়া জানান, ২০-২৫ জনের একটি গ্রুপ কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের খাতা ছিঁড়ে ফেলে এবং বের করে দেয়।  

একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ আকন্দ জানান, প্রশ্ন কঠিন হলেও প্রস্তুতি থাকায় পরীক্ষা দিচ্ছিলাম ভালোভাবেই। হঠাৎ করে একদল লোক এসে আমাদের বের করে দেয়। পরে পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে কেন্দ্র সচিব আমাদের খাতা জমা নিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বার কাউন্সিলের লিখিত পরীক্ষা বাতিল করে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদের দাবিতে আগে থেকেই একদল পরিক্ষার্থী আন্দোলন করছিল। তারাই এই হামলা করেছে বলে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান। যথেষ্ট পরিমান নিরাপত্তার ব্যবস্থা না করে এভাবে পরীক্ষা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

কেন্দ্রে হামলার ঘটনায় মোহাম্মদপুর সরকারি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা স্থগিতের কথা জানা গেছে।
 
বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান মোখলেছুর রহমান বাদল বলেন, মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে মোহাম্মদপুরে একটু ঝামেলা হয়েছে। তাই ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বাকি কেন্দ্রের পরীক্ষা ঠিকভাবেই সম্পন্ন হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রে থাকা শিক্ষার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে বলেও জানান মোখলেছুর রহমান বাদল। তবে লক্ষ্মীবাজার কেন্দ্রে পরীক্ষা ঠিকমতোই হয়েছে বলে দাবি তার।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণকারীদের দাবি প্রশ্নপত্র কঠিন হয়েছে, তাই পরীক্ষার্থীদের একটি অংশ কলেজের ভেতরে ভাঙচুর চালায়। এতে বার কাউন্সিলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কলেজে কিছু জানালা ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিন ব্যবহারে কেন চোখে শুষ্কতা দেখা দে…
  • ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
  • ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবি…
  • ১৪ আগস্ট ২০২৬
জুমার দিনে আছরের পরের বিশেষ আমল ও ফজিলত
  • ১৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬