নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

১১ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ AM

আগামী নভেম্বর মাসের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার কারণে তা সম্ভব হয়নি। এরই মধ্যে নতুন এ বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ হাজার ১৩৫টি শূন্য ক্যাডার পদের চাহিদা পেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে, ৩৭তম বিসিএসের দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আগামী সপ্তাহে আরেকটি তালিকা প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। একইসঙ্গে ডিসেম্বর মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের পরিকল্পনা আছে। স্বল্প সময়ের মধ্যে ৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে দ্বিতীয় শ্রেণির একটি তালিকা প্রকাশ করা হবে।

চলতি বছর অনুষ্ঠিত হওয়া ৪০তম বিসিএস সাধারণ হলেও ৩৯তম বিসিএস ছিল বিশেষ। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪১তম বিসিএসের শূন্য পদের চাহিদা আসার পরপরই সাধারণ বিসিএস হিসাবে আয়োজনে প্রস্তুতি নেয় পিএসসি। গুঞ্জন ছিল ৪১তম বিসিএসও বিশেষ হতে পারে। কিন্তু পিএসসি সাফ জানিয়ে দিয়েছে যে, ৪১তম বিসিএস হবে সাধারণ।

পিএসসির সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেই ৪১তম এ বিসিএসের শূন্য পদের চাহিদা জানিয়েছিল। সম্প্রতি বিভিন্ন ক্যাডারের শূন্য পদ অনুযায়ী এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। গত ৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসির কাছে ২ হাজার ১৩৫টি শূন্য পদের সংখ্যা জানিয়ে ৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানিয়েছে। ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন এবং পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন নিয়োগ পাবেন। এছাড়াও উল্লেখযোগ্য শূন্য পদের মধ্যে রয়েছে-শুল্ক ও আবগারিতে ২৩টি, কর ক্যাডারে ৬০টি, আনসারে ২৩টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ২৫টি, সমবায় ক্যাডারের ৮টি, পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২টি, তথ্য ক্যাডারে ৪৭টি, বিসিএস কৃষি ক্যাডারের ১৮৯টি, বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রকের ৪টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, ডেন্টাল সার্জনের ১৪০টি এবং সাধারণ শিক্ষায় ৮৯২টি।

যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে ন…
  • ১৫ আগস্ট ২০২৬