© ফাইল ফটো
দেশের সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওর দাবিতে ফের কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করবে শিক্ষক-কর্মচারীরা। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে তারা এ পদযাত্রা শুরু করবেন বলে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন জানিয়েছে।
এদিকে, এ পদযাত্রা বুধবার দুপুরে করার কথা থাকলেও এদিন রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। বুধবার বিকালে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ এ সংগঠনটি দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা কর্মসূচি পালন করে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বার বার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না। এজন্য ফের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওর দাবীতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রার কর্মসূচি ছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হন। শিক্ষক কর্মচারীগণ পদযাত্রা শুরু প্রাক্কালে প্রশাসনের পক্ষ থেকে আজকে পদযাত্রা না করতে অনুরোধ করেন। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সারা ঢাকায় আন্দোলন করছে। সে কারণে পদযাত্রায় বিঘ্ন হওয়ার সম্ভবনা রয়েছে। এ কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে এ পদযাত্রা শুরু হবে।
জানা যায়, এর আগে একই দাবিতে ২০১৮ সালের শুরুর দিকে এবং মাঝামাঝি সময়ে জাতীয় প্রেসক্লাবে অনশনর পালন করেন শিক্ষকরা। সেই সময় প্রশাসন এবং শিক্ষাবিদরা তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে সুস্পষ্ট কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তাই শিক্ষকদের বাঁচা-মরার এই যৌক্তিক ও মানবিক আবেদন পূরণের জন্য প্রধানমন্ত্রীই তাদের একমাত্র অবলম্বন বলে তারা মনে করেন। তাই প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা এই পদযাত্রা কর্মসূচী গ্রহণ করেছে।