খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত © সংগৃহীত
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুকৃবির ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিআই মোটরস, লাল তীর ও বায়ারস ক্রপ সায়েন্সের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার কৃষিবিদেরা।
অনুষ্ঠানের শুরুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পাঁচটি অনুষদের প্রথম ব্যাচের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে দুই নবীন শিক্ষার্থী ও ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। কৃষির বহুমাত্রিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে হবে। তিনি কৃষি কার্ড, খাল খনন, শিক্ষার ডিজিটালাইজেশন ও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। দেশের কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে খুকৃবির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও খুকৃবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ল্যাব সুবিধার উন্নয়নে নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। সময়কে হেলাফেলা করে নষ্ট করা যাবে না। সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা অর্জন করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। টেকসই উন্নয়নে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার নবীন শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানান। তিনি ভাষা আন্দোলন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের বিভিন্ন গণআন্দোলনে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষিতে নতুন প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বাংলাদেশের কৃষিকে জলবায়ু-সহিষ্ণু ও টেকসই করতে এসবের বিকল্প নেই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দক্ষতা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি ও সৃজনশীলতাকে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা হবে মানবিক, দক্ষ, সৎ, উদ্ভাবনী ও দায়িত্বশীল কৃষিবিদ। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও দারিদ্র্য বিমোচনে নবীন কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিন প্রতিষ্ঠানের সঙ্গে খুকৃবির সমঝোতা
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে এসিআই মোটরস, লাল তীর ও বায়ারস ক্রপ সায়েন্সের সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার ফলে কৃষি শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের কৃষি ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।