শিক্ষার্থী © ফাইল ফটো
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ২৪ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসসি ইন আইএইচটি কোর্সে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি ডিপ্লোমা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করে। এতে করে ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে একটি কমিটি করে দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে চার মাস অতিবাহিত হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি গঠিত কমিটি। ফলে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করতে পারেনি অধিদপ্তর।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইএইচটির ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। কমিটির প্রতিবেদন পেলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ভর্তিচ্ছুরা। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
তারা বলছেন, কারিগরি শিক্ষার্থীদের নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের দায়িত্ব কর্তৃপক্ষের। ছোট একটি বিষয় নিয়ে কমিটির এমন কালক্ষেপণের কারণে সেশনজট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। করোনায় এমনিতেই তাদের দেড় বছর নষ্ট হয়েছে। তাই দ্রুত পরীক্ষা নেয়ার দাবি তাদের।
প্রসঙ্গত, গত ৭ জুন বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এরপর ২৪ জুন অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।