ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (বহুনির্বাচনী) ভর্তি পরীক্ষা আজ শনিবার (৯ অক্টেবার) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘চ’ ইউনিটে এবার মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন। আসনসংখ্যা ১৩৫। সে হিসাবে আসনপ্রতি পরীক্ষার্থী প্রায় ১১৫ জন।
এদিকে গত শুক্রবার (১ অক্টোবর) থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এ হিসাবে পাঁচ ইউনিটের প্রতি আসনে জন্য ৪৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বছর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে এবং কম ‘খ’ ইউনিটে।
‘চ’ ইউনিটের ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবেন।