রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার শেষ দিনে উপস্থিতির হার ৭৯ শতাংশ। বুধবার (৬অক্টোবর) তিন ধাপে অনুষ্ঠিত বি ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বি ইউনিটের (বাণিজ্য) গ্রুপ-১ পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। এছাড়া গ্রুপ-২ বেলা ১২টা থেকে ১টা এবং গ্রুপ-৩ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট তিন গ্রুপে উপস্থিতর সংখ্যা ছিল যথাক্রমে ১৬ হাজার ২৩৮, ১৬ হাজার ২৩৭ ও ৭ হাজার ৪২০ জন। যা মোট উপস্থিতির প্রায় ৭৯ শতাংশ।
আজ সকালে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৪ ও ৫ অক্টোবরের সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল যথাক্রমে প্রায় ৭৬ ও ৮৪ শতাংশ। এ বছরের ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলিয়ে মোট ১ লক্ষ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদন করেন।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শেষে আগামী ১ ডিসেম্বর (সম্ভাব্য) থেকে ক্লাস শুরু হবে।