মেডিকেলে ভর্তি আগের নিয়মেই, কমছে না জিপিএর নম্বর

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারও পূর্বের নিয়মেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে আবেদনের শর্ত এবং এসএসসি ও এইচএসসি জিপিএর উপর ধার্যকৃত ২০০ নম্বরও কমানো হচ্ছে না। এমনকি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীদের ৫ ও ৭ নম্বর কর্তনের বিষয়টিও বহাল থাকছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. একেএম আহসান হাবীব।

তিনি বলেন, মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার কোনো নিয়মই পরিবর্তন করা হয়নি। পূর্বে যেভাবে পরীক্ষা নেয়া হত, এবারও সেই নিয়ম বহাল রাখা হয়েছে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর ২০০ নম্বরই রাখা হয়েছে। আর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা যারা দেবেন তাদের ৫ নম্বর কাটা যাবে। এছাড়া যারা সরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রে ৭ নম্বর কাটার নিয়ম আগের মতোই থাকছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস এবং ২৭ মার্চ থেকে বিডিএস কোর্সের আবেদন শুরু হবে। ১ মার্চ পর্যন্ত মেডিকেল ও ১৫ এপ্রিল পর্যন্ত ডেন্টালে আবেদন করা যাবে। আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।


নীতিমালা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেবল সরকার কর্তৃক বিদেশিদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ পয়েন্ট হতে হবে। সব আদিবাসী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ পয়েন্ট হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ পয়েন্টের কম গ্রহণযোগ্য নয়।

এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই ফিজিক্স (পদার্থ বিজ্ঞান), কেমিস্ট্রি (রসায়ন) ও বায়োলজি (জীব বিজ্ঞান) থাকতে হবে। বায়োলজিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ পয়েন্ট থাকতে হবে।

যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ইংরেজি বর্ষ বা পূর্ববর্তী ইংরেজি বর্ষে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই ইংরেজি বছরের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে।

‘ও’ লেভেলের জন্য তিনটি বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ বিষয় এবং অতিরিক্ত বিষয়ে জিপিএ ২ পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করে জিপিএ নির্ধারণ করা হবে। সর্বোচ্চ জিপিএ ৫ পয়েন্ট এর বেশি হবে না । ‘এ’ লেভেলের জন্য স্থানীয় তিনটি বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে। কিন্তু জিপিএ নির্ধারণের জন্য সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যেকোনো তিনটি বিষয় বিবেচনায় আনা হবে। অতিরিক্ত বিষয়ে জিপিএ ২ প‌য়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগে করে জি‌পিএ নির্ধারণ করা হবে। তবে সর্বোচ্চ জিপিএ ৫ পয়েন্ট এর বেশি হবে না।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করা হবে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় সদ্য উত্তীর্ণদের মোট (Aggregated) নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর)-এর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। পূর্ববর্তী বৎসরের এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের জন্য একইসঙ্গে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজে ভর্তির পর সরকারি ও বেসরকারি সব ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পাস করা ছাত্রছাত্রীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষা ১০০টি প্রশ্নের প্রতিটি এক নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।

মেধাতালিকা ও প্রার্থী নির্বাচন

অনুচ্ছেদ ২.১ অনুযায়ী শুধু ভর্তি (লিখিত) পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের জাতীয় মেধাতালিকা (বিশেষ কোটা যদি থাকে উল্লেখসহ) প্রকাশ করা হবে।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতীয়দের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে জাতীয় মেধায় ৮০ শতাংশ এবং জেলা কোটায় (সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মেধা অনুসারে) ২০ শতাংশ প্রার্থী নিবাচন করা হবে।

জাতীয় মেধাতালিকা প্রকাশের পরপরই বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য একটি শিডিউল প্রকাশ করতে হবে। নিজ নিজ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ উক্ত শিডিউল অনুযায়ী একাধিক জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তির জন্য ব্যাপক প্রচারণা চালাবে। এক্ষেত্রে ভর্তি ফরমের মূল্য হিসেবে সর্বোচ্চ এক হাজার টাকা নিতে পারবে।

বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজগুলোতে প্রাপ্ত আবেদনকারীদের জাতীয় মেধাতালিকার ক্রম অনুযায়ী বিন্যাস করে একটি মেধাতালিকা প্রকাশ করবে। এ তালিকা থেকে ভর্তির জন্য শিডিউল প্রস্তুত করবে। এ তালিকা ও শিডিউল সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা ও দৃশ্যমান স্থানে প্রকাশ করবে। প্রকাশের দিন থেকে ন্যূনতম পাঁচ কর্মদিবসের জন্য উন্মুক্ত থাকবে। পরে শূন্য আসনে একইভাবে ন্যূনতম তিন কর্মদিবসের জন্য ভর্তি কার্যক্রম উন্মুক্ত থাকবে। কোনোক্রমেই মেধাক্রমের ব্যতিক্রম করা যাবে না।

কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী ভর্তির অগ্রগতি তালিকাসহ পরিচালক (চিকিৎসা), স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, মহাখালী, ঢাকাকে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

পূর্ণাঙ্গ ভর্তি নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬
মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা
  • ১৭ এপ্রিল ২০২৬