এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে

১০ আগস্ট ২০২৬, ০৮:২০ AM
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর থেকে মোবাইল ফোনের এসএসএমসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মাধ্যমে ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

রবিবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন।

এবার মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। তবে সকাল ১০টায় ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেখা যাবে না। আপলোডসহ অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে।

গত শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

আরও খবর: রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে ।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 Send to 16140।

উল্লেখ্য যে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে ১১ আগস্ট হতে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে বলে জানানো হয়েছে।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬