ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে জন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। স্থানগুলো হলো মধ্য দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। খবর টাইমস অব ইন্ডিয়ার
সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য নাগরিকদের উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই জন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অধিকার চর্চার জন্য বর্তমান নির্ধারিত স্থানের পরিবর্তে উপযুক্ত বিকল্প স্থান চিহ্নিত করতে একটি কমিটি গঠন করেছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে জন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।’
নতুন নির্ধারিত তিনটি স্থানে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য সংশোধিত ও বিস্তারিত পরিচালনাপদ্ধতি (এসওপি) পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এই আদেশের মাধ্যমে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা আগের নির্দেশনার কিছু অংশ সংশোধন করা হয়েছে।
এদিকে, ভারতের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করছেন।