কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প কি পাবেন?

০৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

এবারের নোবেল শান্তি পুরস্কার আজ ১৩ অক্টোবর বিকেলে নরওয়ের রাজধানী অসলোতে ঘোষণা করা হবে। তবে পুরস্কার ঘোষণাকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই এই পুরস্কার পাওয়ার ব্যাপারে আগ্রহী ট্রাম্প বিজয়ীর নাম ঘোষণার পর কী প্রতিক্রিয়া দেখান, তা নিয়েও কৌতূহল রয়েছে।

অসলোর নোবেল ইনস্টিটিউটে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। সংঘাত ও সংকটে বিপর্যস্ত বিশ্বে এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে। কূটনীতি ও মানবিক কর্মকাণ্ডে অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি কে পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে মনোনয়ন পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। ফলে কে পুরস্কার পেতে পারেন, তা নিয়ে নোবেল পর্যবেক্ষকদের মধ্যে জল্পনা চলছে।

বিশেষজ্ঞদের মধ্যে একটি বিষয়ে প্রায় ঐকমত্য রয়েছে। তাদের ধারণা, এবার ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই। যদিও তিনি দাবি করেছেন, আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং তিনিই এই পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার।

গত বুধবার ট্রাম্প বলেন, ‘তাদের একটা সুনাম আছে, হয়তো আমার মতো মানুষকে তারা পুরস্কার দেয় না। আমার মনে হয়, তারা যদি তা না দেয়, তবে সেটি তাদের জন্য বড় অসম্মানের হবে।’

তিনি আরও বলেন, ‘আর আমি এটা অবজ্ঞা থেকে বলছি না।’

অন্যদিকে, অসলোর পর্যবেক্ষকদের অনেকে মনে করেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ, গ্রিনল্যান্ডের মতো ভূখণ্ড নিয়ে তার সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা, অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান এবং বহুপক্ষীয় সহযোগিতা ও সংবাদমাধ্যমের ওপর তার আক্রমণাত্মক অবস্থানের কারণে তিনি পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি যাকেই বিজয়ী হিসেবে বেছে নিক না কেন, তাদের সিদ্ধান্তকে ট্রাম্পের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা হিসেবে ব্যাখ্যা করা হতে পারে। ফলে এবারের পুরস্কার ঘোষণার প্রতিক্রিয়া হোয়াইট হাউস পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআইও) প্রধান হাকন গেরলভ বলেন, হোয়াইট হাউস থেকে সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা বিবেচনায় নিয়ে নোবেল কমিটিকে ভাবতে হবে, এই পুরস্কার প্রাপকের জন্য উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কি না। গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ওই সিদ্ধান্তকে ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল।

মাচাদো নিজের নোবেল পুরস্কারের স্বর্ণপদক ট্রাম্পকে উপহারও দিয়েছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি মনে করেছিলেন, ট্রাম্প এই স্বীকৃতির যোগ্য। তবে এর বিনিময়ে ট্রাম্পের রাজনৈতিক সমর্থন আদায়ে তিনি সফল হননি।

এদিকে, ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার চালুর পর থেকে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে কমিটির বিবেচ্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, শুরুতে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হলেও পরবর্তী সময়ে মানবাধিকার রক্ষার বিষয়টি বেশি গুরুত্ব পেতে থাকে। শীতল যুদ্ধের সময় এই প্রবণতা আরও জোরালো হয়।

তবে বাইরের কোনো চাপ নোবেল কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করে না বলে জানিয়েছে সংস্থাটি। কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন এএফপিকে বলেন, ‘অবশ্যই আমাদের এ বিষয়ে আলোচনা করতে হয়। তবে এর অর্থ এই নয় যে, এসব বিষয় কক্ষে আমাদের আলোচনাকে বা সেখান থেকে আসা সিদ্ধান্তকে প্রভাবিত করে।’

কারা পেতে পারেন এবারের পুরস্কার?

বিশেষজ্ঞদের মতে, এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হলে, যাদের কাজের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, তাহলে ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা তুলনামূলক কম থাকবে। শিশুদের সুরক্ষা কিংবা মানবিক সহায়তা নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠান এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন।

এ ধরনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ইউক্রেনের মাইকোলা কুলেবা। রাশিয়ায় অবৈধভাবে নিয়ে যাওয়া শিশুদের ফিরিয়ে আনার দাবিতে কাজ করছেন তিনি। বিষয়টি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কাছেও গুরুত্বপূর্ণ।

সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ (ইআরআর) নেটওয়ার্কও পুরস্কার পেতে পারে। এই নেটওয়ার্কের স্বেচ্ছাসেবীরা যুদ্ধ ও ক্ষুধার দ্বিমুখী সংকটে থাকা মানুষের সহায়তায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) প্রধান করিম হাগাগ এবারের পুরস্কারের জন্য ইআরআরকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

এএফপিকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সুদানের সংঘাতকে ভুলে যাওয়া হয়েছে। এই সংঘাতে ভয়াবহ মানবিক দুর্ভোগের প্রতিফলন ঘটেছে।’ তবে এমন কাউকেও বিজয়ী হিসেবে বেছে নিতে পারে নোবেল কমিটি, যার নির্বাচন ট্রাম্পকে অসন্তুষ্ট করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ, পোপ চতুর্দশ লিও, সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এদের কাউকে পুরস্কার দেওয়া হলে তা ট্রাম্পের কাছে কীভাবে বিবেচিত হবে, তা নিয়েও আলোচনা রয়েছে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কার ঘোষণার পর্ব শেষ হবে।

এর আগে চলতি সপ্তাহে সুইডেনের স্টকহোমে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পেয়েছেন কানাডীয় কবি অ্যান কারসন। গ্রিক পুরাণ ও প্রাচীন ঐতিহ্যকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে উপস্থাপনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিটি নোবেল পুরস্কারের সঙ্গে দেওয়া হয় একটি সনদ, একটি স্বর্ণপদক এবং ১২ লাখ মার্কিন ডলারের অর্থমূল্যের চেক। আগামী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬