ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত ও সম্পাদিত
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় বা শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির বাণিজ্য বিভাগের আওতাধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
বিআইএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য শুল্ক সুবিধার আওতায় বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা সামগ্রী, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট রয়েছে। পাশাপাশি রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী, প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্য এবং এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও ছাড়ের আওতায় থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা নীতির ভিত্তিতেই এই সুবিধা দেওয়া হচ্ছে। ওই নীতিতে নির্দিষ্ট বিশেষায়িত ওষুধের ক্ষেত্রে শূন্য শুল্কের সুযোগ রাখা হয়েছিল। বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো রয়েছে, অথবা যেসব ওষুধ যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে প্রয়োজনীয়, সেগুলো নির্দিষ্ট শর্তে এ সুবিধা পেতে পারে।
আরও দেখুন: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
শূন্য শুল্ক সুবিধার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।
তবে এই নির্দিষ্ট শুল্কমুক্ত শ্রেণির বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলো অন্য কোনো শুল্ক সুবিধার আওতায় পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণায় পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
অন্যদিকে, বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর এই শুল্কের আওতামুক্ত থাকবে। তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।