যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে নতুন অস্ত্র ব্যবহারের ঘোষণা দিল ইরান © সংগৃহীত
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন সক্ষমতার অস্ত্র ব্যবহার করা হবে এবং এতে বিশ্ব ‘বিস্মিত’ হবে বলেও দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি আল আলাম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই পরিবর্তনের মধ্যে যুদ্ধের ভৌগোলিক পরিসরে পরিবর্তন এবং অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।’
মোহেব্বি আরও বলেন, ‘আমরা নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব বিস্মিত হবে।’
তিনি জানান, আগের হামলায় যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল, ভবিষ্যতে সেগুলোই যে লক্ষ্যবস্তু থাকবে এমন নয়। ইরানের নতুন কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।
আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ‘আমাদের লক্ষ্যগুলোও এখন আর আগের লক্ষ্যগুলোর মতো নয়। আমাদের নতুন কিছু লক্ষ্য রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।’
উল্লেখ্য গেল বছরের মার্চ থেকে শুরু হওয়া সর্বাত্মক যুদ্ধে এখনও পর্যন্ত কেউ হার মেনে না নিলেও মধ্যপ্রাচ্যে স্মরণকালের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। সরকারী হিসেবে এখন পর্যন্ত ইরানের হাতে ৫০ টিরও বেশি মূল্যবান যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে ওয়াশিংটন। বিপরীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন যৌথ সামরিক বাহিনী সেন্টকম।