জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে হারাতে সাবেক দুই প্রধানমন্ত্রীর জোট

২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ AM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ AM
নেতানিয়াহু ও সাবেক দুই প্রধানমন্ত্রী

নেতানিয়াহু ও সাবেক দুই প্রধানমন্ত্রী © সংগৃহীত

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হারাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনোত এবং ইয়াইর লাপিদ। 

আগামী অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাতে তারা তাদের রাজনৈতিক দলগুলোকে একীভূত করে ‘বেইয়াহাদ’ নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠন করেছেন। হিব্রু ভাষায় যার অর্থ ‘একসাথে’। দীর্ঘ ১৭ বছরের অধিকাংশ সময় ক্ষমতায় থাকা ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর একাধিপত্য অবসান ঘটানোই এই নতুন জোটের প্রধান লক্ষ্য। এই জোটের নেতৃত্বে থাকবেন নাফতালি বেনোত।

গত রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়াইর লাপিদ এই ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বেনোতকে একজন "উদারপন্থী, ভদ্র এবং আইন মেনে চলা ডানপন্থী" নেতা হিসেবে অভিহিত করেন, যিনি দুর্নীতির কাছে নিজের আদর্শ বিক্রি করেননি। লাপিদ স্পষ্টভাবে জানান, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের জাতীয় ঐক্য বাতাসের মতোই জরুরি।

নাফতালি বেনোত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই জোটকে একটি "জায়নবাদী ও দেশপ্রেমিক পদক্ষেপ" হিসেবে বর্ণনা করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ইসরায়েলে বিভাজনের যুগ শেষ হয়ে এখন দেশ মেরামতের সময় এসেছে এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তাদের জয় নিশ্চিত।

জোটের রূপরেখা অনুযায়ী, নাফতালি বেনোত দলটির মূল নেতৃত্বে থাকলেও তারা ধর্মীয় ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক এবং জবরদস্তিহীন ইহুদি ধর্মচর্চার পরিবেশ তৈরি করতে চান। তবে জোট গঠনের ক্ষেত্রে বেনোত একটি শর্ত স্পষ্ট করেছেন; তারা কেবল জায়নবাদী দলগুলোর সঙ্গেই কাজ করবেন এবং কোনো আরব নেতৃত্বাধীন দলকে এই জোটে অন্তর্ভুক্ত করবেন না। 

উল্লেখ্য, এই দুই নেতা এর আগেও ২০২১ সালের নির্বাচনে জোটবদ্ধ হয়ে নেতানিয়াহুকে পরাজিত করেছিলেন এবং পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে একটি সফল সরকার পরিচালনা করেছিলেন।

বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা সর্বনিম্নে গিয়ে ঠেকেছে এবং তিনি বহুমুখী সংকটের মুখোমুখি। একদিকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার নিয়ে জনগণের তীব্র ক্ষোভ রয়েছে, অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়াকে তার সরকারের সবচেয়ে বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এছাড়া গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২৫ সালের আগস্টে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, প্রায় ৭৬ শতাংশ ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর সরকারের ওপর থেকে আস্থা হারিয়েছেন।

এমন পরিস্থিতিতে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটসহ অনেক প্রভাবশালী রাজনীতিক এই নতুন জোটকে স্বাগত জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থন ক্রমাগত কমছে, যা বেনোত ও লাপিদের এই নতুন জোটের জন্য ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রঃ মিডলইস্ট আই 

দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা …
  • ২৯ আগস্ট ২০২৬
গাজীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়, কোন এলাকায় কেমন?
  • ২৯ আগস্ট ২০২৬
কোথাও রাজনৈতিক মত প্রকাশ করতে পারবেন না ট্রেইনি চিকিৎসকরা, …
  • ২৯ আগস্ট ২০২৬
বদলি নীতিমালার ৬ অসঙ্গতি জানিয়ে যে দাবি জানাল সর্বজনীন বদলি…
  • ২৯ আগস্ট ২০২৬