হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

২৯ মার্চ ২০২৬, ১২:৫২ AM
ফোনে ভেসে উঠছে এপস্টেইন আইল্যান্ড

ফোনে ভেসে উঠছে এপস্টেইন আইল্যান্ড © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করলে সাংবাদিকদের মোবাইল স্ক্রিনে কলার আইডি হিসেবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নাম ভেসে ওঠার ঘটনা ঘটেছে। গত বুধবার ওয়াশিংটন পোস্টের সাংবাদিকেরা ফোন করলে এই অদ্ভুত ও বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

ঘটনাটি ঘটে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে। ওই দিন হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন, যা ১১টি ভাষায় অতিথিদের অভিবাদন জানায়। অনুষ্ঠানে মেলানিয়ার পোশাকের ব্র্যান্ড সম্পর্কে জানতে ওয়াশিংটন পোস্টের ‘স্টাইল’ বিভাগ থেকে হোয়াইট হাউসে ফোন করা হয়েছিল।

তদন্তে দেখা গেছে, যারা গুগলের পিক্সেল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে হোয়াইট হাউসে ফোন করেছেন, শুধু তাঁদের স্ক্রিনেই ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি দেখা গেছে। তবে আইফোন থেকে কল করলে কোনো নাম না দেখিয়ে কেবল নম্বর প্রদর্শিত হয়েছে।

বিষয়টি নিয়ে গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগাল জানান, ‘এটি গুগল ম্যাপের একটি ফেক এডিট বা ভুলের কারণে হয়েছে। গুগলের কলার আইডি ফিচার সাময়িকভাবে ওই ভুল তথ্যটি গ্রহণ করেছিল।’ তিনি আরও বলেন, ‘গুগল ইতিমধ্যে এই ত্রুটি সংশোধন করেছে এবং যে ব্যবহারকারী এই ভুয়া তথ্যটি দিয়েছিলেন, তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।’ বর্তমানে পিক্সেল ফোন থেকে কল করলে আর কোনো নাম দেখা যাচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘এই কলার আইডির বিষয়টি সম্পূর্ণ বাহ্যিক এবং এর সঙ্গে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সিস্টেমের কোনো সম্পর্ক নেই।’

উল্লেখ্য, নারী ও শিশু পাচারসহ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে হোয়াইট হাউসকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলের ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপে এপস্টেইনের একটি এস্টেট ছিল, যা ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত।

গুগল ম্যাপে ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা নম্বর পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মিম-ভিত্তিক নাম দেওয়া কিংবা প্রতারণার উদ্দেশ্যে ব্যাংকের হেল্পলাইন নম্বর বদলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬