সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ PM
সৌদি আরব

সৌদি আরব © টিডিসি ফটো

পবিত্র রমজান মাসজুড়ে নামাজের জন্য মসজিদের বাইরে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনমন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ। 

সিয়াম সাধনার মাসে মসজিদগুলোর বাইরের স্পিকারের মাধ্যমে নামাজের কেরাত বা মোনাজাত প্রচারের অনুমতি দেওয়া হবে না। সৌদি মন্ত্রী জানান, 'মসজিদের বাইরের লাউডস্পিকারের ব্যবহার কঠোরভাবে শুধুমাত্র আজান এবং ইকামতের (নামাজ শুরুর দ্বিতীয় আহ্বান) জন্য সীমাবদ্ধ থাকবে।' 

গত মঙ্গলবার সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে রমজানের আগে মসজিদগুলোর প্রস্তুতির জন্য একগুচ্ছ নির্দেশনা ও নির্দেশিকা প্রদানের অংশ হিসেবে এই ঘোষণাটি এসেছে।

পরিপত্রে উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি নামাজের সময়সূচি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এশার নামাজের সঠিক সময় নির্ধারণ এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয় আরও জানায়, রমজানের সময় ইফতারের আয়োজন শুধু নির্দিষ্ট উঠান বা আঙিনায় করতে হবে। পাশাপাশি মসজিদের প্রয়োজন মেটাতে পানি বা খাদ্যসামগ্রী ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে অতিরিক্ত মজুত না হয়। এছাড়া মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলগুলোকে আনুষঙ্গিক সবকিছু পরিষ্কার, নিরাপদ এবং সম্পূর্ণ প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ করে নারীদের নামাজের জায়গার প্রতি নজর দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো রমজান মাসে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে পবিত্র এই মাসে বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা। শেখ ড. আবদুল লতিফ আল-শেখ পুনর্ব্যক্ত করেছেন যে, রোজা চলাকালীন কোনো মসজিদকেই বাইরের স্পিকারের মাধ্যমে নামাজের তিলাওয়াত বা কার্যক্রম সম্প্রচারের অনুমতি দেওয়া হবে না।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬