ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু

২৬ আগস্ট ২০২৬, ০৩:৪২ PM
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু © টিডিসি ফটো

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জেলার শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০) মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ বাড়ির গোয়ালঘরে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী। স্বামীকে ধরার পর তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় তুলি খাতুন (২৮) নামে এক নারী ও তাঁর স্বামী সেনাসদস্য সোহেল রানা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুলি খাতুন উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তাঁর স্বামী সোহেল রানা নড়াইলের বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলি খাতুন ও সোহেল রানা মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। গুরুতর আহত হন সোহেল রানা।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সোহেল রানাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, অতিরিক্ত গতি ও মহাসড়কে গাড়ি রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার কাশিপুর রেলস্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখেন।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ কখন এবং কোন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেননি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ তদন্ত করবে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
খুবিসাসের বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন
  • ২৬ আগস্ট ২০২৬
সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬