ভোগান্তি বাড়ার শঙ্কা

পাম্প থেকে তেল নিতে যে চালাকি করছেন বাইকাররা

১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৪:৪০ PM
ফিলিং স্টেশনগুলোতে অস্বাভাবিক হারে ভিড় বেড়েছে।

ফিলিং স্টেশনগুলোতে অস্বাভাবিক হারে ভিড় বেড়েছে। © টিডিসি ফটো

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ায় অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। গত কয়েকদিন ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে অস্বাভাবিক হারে ভিড় বেড়েছে। সংকট মোকাবেলায় যানবাহনে অতিরিক্ত তেল মজুদ করে রাখছেন অনেকে। তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন যানবাহনের জন্য তেল ক্রয়ের সীমা বেঁধে দিয়েছে সরকার। তবে অনেক চালক আবার তেল কেনার ক্ষেত্রে চালাকি করছেন। সাধারণ ভোক্তারা জানান, এভাবে চলতে থাকলে ভোগান্তির পরিমাণ আরও বাড়বে।

সরেজমিনে রাজধানীর মিরপুর, মালিবাগ, তেজগাঁও, শাহবাগ, আসাদগেট, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ পেট্রোল পাম্পেই প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি। পাম্প ছাড়িয়ে কোনো কোনো ফিলিং স্টেশনে এসব সারি সড়ক পর্যন্ত পৌঁছে গেছে।

তবে অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট রোধে জ্বালানি তেল কেনার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর ফলে চাইলেও কেউ নির্ধারিত পরিমাণের বেশি জ্বালানি তেল কিনতে পারবেন না। একটি মোটরসাইকেলের জন্য দিনে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকারের জন্য ১০ লিটার, জিপ বা মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসের জন্য সর্বোচ্চ ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কার্ভাডভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি তেল কেনা যাবে।

এছাড়া জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে কয়েকটি নির্দেশনা দিয়েছে বিপিসি। তেল নেওয়ার সময় ভোক্তাকে ক্রয়রশিদ দিতে হবে এবং পরেরবার তেল নেওয়ার সময় আগের রশিদ দেখাতে হবে। ডিলাররা নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল বিক্রি করবেন এবং ফিলিং স্টেশনগুলোকে নিয়মিত মজুত ও বিক্রির তথ্য ডিপোতে জানাতে হবে। বরাদ্দের বেশি তেল সরবরাহ করা যাবে না।

ক্রয়সীমা নির্ধারণ করে দেয়া হলেও অতিরিক্ত চাপে অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ। অনেক চালক তাই ঘুরছেন পাম্প থেকে পাম্পে। তবে অতিরিক্ত তেল নিতে আবার চালাকির আশ্রয় নিচ্ছেন অনেকে। একবার তেল নিয়ে কিছুদূর ঘুরে আবার তেল নিতে ফিলিং স্টেশনে আসছেন তারা। এতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডার ঘটনাও দেখা গেছে। অনেকে আবার ভিন্ন ভিন্ন পাম্প থেকে সীমা অনুযায়ী তেল সংগ্রহ করছেন। তবে সাধারণ ভোক্তারা জানান, এভাবে চলতে থাকলে ভোগান্তির পরিমাণ আরও বাড়বে।

রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে খাবার ডেলিভারির কাজ করেন রাজু খন্দকার। তেল নিতে এসে ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘ডেলিভারির কাজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে যাতায়াত করতে হয়। সারাদিনে আমার গাড়িতে ৫০০ থেকে ৬০০ টাকার মতো তেল প্রয়োজন পড়ে। তবে পাম্প থেকে ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না। তাই বাধ্য হয়ে ঘুরে এসে আবার তেল নিতে হচ্ছে।’

শাহবাগের একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা প্রাইভেটকার আরোহী জহুর আহমেদ বলেন, ‘ঢাকার একপাশ থেকে আরেকপাশে যেতেই ১০ লিটারের বেশি তেল শেষ হয়ে যায়। এই পরিমাণ তেল দিয়ে চলাফেরা করতে খুবই ঝামেলা হচ্ছে। তাও আবার এইটুকু তেল নিতে কয়েকটা পাম্পে ঘুরতে হচ্ছে।’

মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনের এক কর্মচারী বলেন, ‘আমাদের কাছে সাধারণত ২০ থেকে ২৭ হাজার লিটার তেল মজুত থাকে। কিন্তু অতিরিক্ত চাহিদায় তা দ্রুত কমে গেছে। অনেকে আবার বারবার ঘুরে আসেন তেল নেওয়ার জন্য। আর আগে যেখানে একগাড়ি দুই দিন যেত সেখানে বর্তমানে কয়েক ঘণ্টার মধ্যেই শেষ।’

এদিকে, ঘাটতি নেই জানিয়ে তেল মজুত না করতে বলে আসছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তেল এবং এলপিজি ও এলএনজি ভর্তি কয়েকটি জাহাজ দেশের বন্দরে নোঙর করেছে। বর্তমানে জ্বালানিতে কোনো সংকট নেই। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি চালু থাকবে।

রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবারহের নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলগুলোকে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ করা যাবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে তৈরি হওয়া আতঙ্ক কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু …
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বান ইসল…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের দমনের বিষয়ে রিজভীর বরাতে ফেসবুকে ছড়িয়ে দেওয়া …
  • ১৪ জুলাই ২০২৬
একসঙ্গে তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence