রাবি ভিসির বাসভবনে তালা ঝুলায় সভা হয়নি

০২ মে ২০২১, ১১:০৪ PM
রাবি ভিসির বাসভবনের ফটকে ছাত্রলীগের তালা

রাবি ভিসির বাসভবনের ফটকে ছাত্রলীগের তালা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়ে ফাইন্যান্স কমিটির সভা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার (২ মে) সকালে উপাচার্যের বাসভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে ‘বড় ধরনের অনিয়মের আশঙ্কায়’ ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলায়।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় সেখানে ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী প্যারিস রোডের পাশে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। ফলে কমিটির সদস্যরা যথাসময়ে উপস্থিত হতে না পারায় শেষ পর্যন্ত সভাটি স্থগিত করা হয়। এরপর বেলা একটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বাসভবনের তালা খুলে নেন।

রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন বলেন, উপাচার্য স্যারের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলো এসেছিল, তিনি তো তার সঠিক উত্তর দিতে পারেননি। আগামী ৬ মে ওনার মেয়াদ শেষ। আমরা সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলে জেনেছি, এই সময়ে একাডেমিক কোনো জরুরি বিষয় নেই। আমাদের শঙ্কা, এই শেষ সময়ে উনি কোনো অবৈধ প্রকল্পের অনুমোদন দিতে পারেন। সে জন্যই আমাদের এই কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্যের কাছে তিনটি চিঠি আসে। একটি চিঠিতে তার মেয়ে ও জামাতার নিয়োগ কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা সাত কর্মদিবসের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্য চিঠিতে, ডুপ্লেক্স বাড়ি নিয়মবহির্ভূতভাবে দখলে রাখায় উপাচার্যকে সরকারি কোষাগারে ৫ লাখ ৬১ হাজার ৬০০ টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। আরেকটি চিঠিতে, তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল বারীকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়।

এদিকে ছাত্রলীগের কর্মসূচি চলাকালে মাস্টাররোলের ২০-২৫ জন্য কর্মচারীও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা ব্যানারে তাঁদের চাকরি স্থায়ী করার দাবি জানান।

এরপর দুপুর ১২টার দিকে প্রগতিশীল শিক্ষক সমাজের প্রায় ৩০ জন শিক্ষক উপাচার্যের বাসভবনের সামনে আসেন। তাঁরা ফাইন্যান্স কমিটির সভা স্থগিত করার দাবি নিয়ে বাসভবনে ঢুকতে চান। তবে বাসভবনে তালা লাগানো থাকায় তাঁরাও ভেতরে যেতে পারেননি। পরে বেলা একটায় ডিনস কমপ্লেক্সের সামনে আমচত্বরে শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেন।

সেখানে তাঁরা ৪ মে সিন্ডিকেট সভা স্থগিত ও ৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ বন্ধ রাখার আহ্বান জানান। এছাড়া তাঁরা পুকুরের মাটি ‘চুরি’ বন্ধ করতে না পারা ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণ দাবি করেন।

সভা স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, উপাচার্য বাসভবনের গেটে তালা ছিল, ফলে কমিটির সদস্যরা ভেতরে ঢুকতে পারেননি। সদস্যরা উপস্থিত না থাকায় সভা হয়নি। আমি টেলিফোনে সভা স্থগিত করে দিয়েছি।

৪০ লাখ বছরে মানুষের মস্তিষ্ক বেড়েছে ৫ গুণ, নেপথ্যে কী কারণ?
  • ১৯ আগস্ট ২০২৬
মারা গেছেন আওয়ামী লীগের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
  • ১৯ আগস্ট ২০২৬
৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ আগস্ট ২০২৬
খদরে আস্ত খাসিকাণ্ডে সামনে এলো জাপানপ্রবাসী বরের ফর্দনামা
  • ১৯ আগস্ট ২০২৬
ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবক
  • ১৯ আগস্ট ২০২৬
গুগল ফটোজে ছবি-ভিডিও রাখার নতুন নিয়ম, বন্ধ হলো ড্রাইভের সুব…
  • ১৯ আগস্ট ২০২৬