রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ AM
মো. রাশেদ খাঁন

মো. রাশেদ খাঁন © সংগৃহীত

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাত বছর পাঁচ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে আগে বিজয়ী ঘোষণা করা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর নতুন জিএস হিসেবে ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করে বিষয়টি জানান রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব অবৈধ প্রমাণ করেছে। পরে সিন্ডিকেটের দেওয়া শোকজ নোটিশেরও তিনি উপযুক্ত জবাব দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। একই কারণে ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে সিন্ডিকেট।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী পেয়েছিলেন ১০ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হন নুরুল হক নুর। তিনি পেয়েছিলেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯ হাজার ১২৯ ভোট।

অন্যদিকে জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানীকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তার অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।

নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬