আহ্বায়ক ও সদস্য সচিব © টিডিসি ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন শাকির আহমেদ এবং সদস্য-সচিব করা হয়েছে আবদুর রাজ্জাক সোহেলকে।
সম্প্রতি হলের প্রভোস্ট কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সোহেল রানা ও শাওন তালুকদার। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আব্দুল্লাহ আল-মামুনকে।
বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও সদস্য নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন, সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ, প্রতিষ্ঠা ও সাধারণ সভার আয়োজন, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন এবং সংগঠনের আর্থিক ও প্রশাসনিক কাঠামো প্রণয়নের দায়িত্ব পালন করবে।
এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতার জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ এবং অধ্যাপক ড. কাজী শাহেদুল হালীমকে উপদেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আহ্বায়ক কমিটি ছয় মাসের মধ্যে সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র চূড়ান্তকরণ, প্রতিষ্ঠা সভার আয়োজন এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
আহ্বায়ক শাকির আহমেদ বিজয় একাত্তর হলের প্রথম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। এর আগে তিনি ডিবিসি নিউজ, সময় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।
সদস্য-সচিব আবদুর রাজ্জাক সোহেল বিজয় একাত্তর হলের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ, আরটিভিসহ দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।