ঢাবিতে সব ছাত্র সংগঠনের রাজনীতি করার অধিকার আছে: উপাচার্য

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল। এ মধ্যে ছাত্র সংগঠনের সাথেও একটি ছিল। কোনো সংগঠন যদি আমাদের সাথে দেখা করার অনুরোধ জানান তখন শিক্ষক হিসেবে আমরা সেটা এড়িয়ে যেতে পারি না।

উপাচার্য বলেন, সবাই আমাদের কাছে শিক্ষার্থী, কে কোন সংগঠন করবে সেটার ব্যক্তিগত স্বাধীনতা আছে। গতকাল ছাত্রদল এবং ছাত্রলীগ দুটি ছাত্র সংগঠনই দেখা করার জন্য সময় চেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে তিনটায়, জাতীয়তাবাদী ছাত্রদলকে চারটায় সময় দেওয়া হয়েছিল। ছাত্রলীগ যথাসময়ে এসেছে, তাদের সঙ্গে কথাও হয়েছে। তারা প্রায় ৩০টি দাবি ও কিছু সুপারিশ সম্বলিত স্মারকলিপি দিয়েছে।

তিনি বলেন, এরপর তাদের (ছাত্রলীগ নেতাদের) বললাম আমাদের আরেকটা ছাত্র সংগঠন আসবে, তাদের সুযোগ করে দাও। এরপর আমি ছাত্রদল নেতাদের আসার অপেক্ষা করছিলাম। পরে প্রক্টর সাহেব এসে বললেন তারা গেট পর্যন্ত এসেছিল, ভেতরে প্রবেশ করতে পারেনি।

এ বিষয়ে অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের আরও বলেন, আমি তথ্যগুলো ভালোভাবে এখনো জানি না। তারা (ছাত্রদল) কেন আসতে পারলো না সেটা জানতে হবে। কী ঘটলো, কোনো সমস্যা হলো কি না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কি না, সেটাও দেখতে হবে। আমি প্রক্টর সাহেবের কাছে বিষয়টা জানবো, বিস্তারিত তথ্য নিতে বলবো।

তবে ক্যাম্পাসের প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের ছাত্র রাজনীতি পরিচালনা করার অধিকার রাখে বলে পুনরুল্লেখ করেন ঢাবি ভিসি।

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬