দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির

০৫ আগস্ট ২০২৬, ০২:৫৮ PM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। © টিডিসি ছবি

উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কর্মপরিকল্পনার মাধ্যমে শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষার রূপান্তরের এই যাত্রায় প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার ও জাতীয় প্রশিক্ষকেরা ইউজিসির কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা রয়েছে। শিল্প, বাণিজ্যিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি তাঁদের সফট স্কিল ও নৈতিক মূল্যবোধ উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মাস্টার ট্রেইনার থেকে জাতীয় প্রশিক্ষক তৈরির উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোতে মান নিশ্চিতকরণ, গবেষণা, উদ্ভাবন, আধুনিক পাঠদান পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। পাশাপাশি গবেষণা সংস্কৃতির উন্নয়ন, প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি কমাতে ফেলোশিপ সম্প্রসারণ এবং পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ১০ দিনের প্রশিক্ষণ শেষে ২০ জন শিক্ষককে জাতীয় প্রশিক্ষক হিসেবে সনদ দেওয়া হয়। তাঁরা আগামী দুই বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার জ্যেষ্ঠ শিক্ষককে পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেবেন।

বিশ্বব্যাংকের সহায়তায় ইউজিসির হিট প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় তিন ধাপে এই সক্ষমতা উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন জাতীয় প্রশিক্ষক এখন দেশব্যাপী জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করবেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর পরামর্শক ড. বেন ব্রাবন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম বক্তব্য দেন।

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬