ইউজিসির হিট প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি (ইউটিটিএ) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের জন্য পেশাদার উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি (ব্যাচ–১ ও ২)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়। 

উচ্চশিক্ষা ত্বরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় ২০২৫ সালের ১৩ অক্টোবর। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী অনুষদ সদস্যদের পেশাগত দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চার মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে দেশের ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।  

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য ও ইউটিটিএ-এর রেক্টর অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান পিএইচডি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোনো বিলাসিতা নয়, বরং সময়ের প্রয়োজন। ইউজিসির হিট প্রকল্পের আওতায় ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়াকে তিনি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, চার মাসের এই প্রশিক্ষণ শিক্ষকদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানে নয়, বরং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে বাস্তবমুখী ধারণা দিয়েছে। 

তিনি আরও বলেন, শিক্ষকতার মূল শক্তি কেবল জ্ঞানার্জনে নয়, বরং বিনয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার সক্ষমতার ওপর নির্ভর করে। জনপ্রিয় হওয়ার চেয়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হওয়াই একজন শিক্ষকের বড় সাফল্য বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে পেশাগত বন্ধন তৈরি হয়েছে, তা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ইউজিসির হিট প্রকল্পের আওতায় আয়োজিত এই চার মাসব্যাপী প্রশিক্ষণ শিক্ষকবৃন্দের পেশাগত ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবার, নিয়মিত দায়িত্ব ও আয়ের বাইরে এসে এই প্রশিক্ষণে অংশ নেওয়া সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচি উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, আউটকাম বেইসড কারিকুলাম, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রকল্প ও অফিস ব্যবস্থাপনা এবং গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে বাস্তবমুখী জ্ঞান দিয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক ও বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসা. নাসরিন সুলতানা জ্যোতি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ।  

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
  • ৩০ জুন ২০২৬
সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৭৫ জন
  • ৩০ জুন ২০২৬
দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে কাল
  • ৩০ জুন ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আ…
  • ৩০ জুন ২০২৬
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সারোয়ার হোসেন
  • ৩০ জুন ২০২৬
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ৩ জুলাই
  • ৩০ জুন ২০২৬