পদ্মার ইলিশ নাকি গুজরাটের, চিনবেন যেভাবে

২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ AM
রুপালি ইলিশ

রুপালি ইলিশ © সংগৃহীত

বর্তমানে ভারত থেকে ইলিশ আসছে বাংলাদেশের বাজারে। আর বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। তবে সব ইলিশই যে পদ্মার, তা নয়। ভারত কিংবা মিয়ানমার থেকে ইলিশ আনা হচ্ছে এবং সেগুলো পদ্মার ইলিশ বলে বিক্রি করা হয়। দেখতে প্রায় একই রকম হওয়ায় কোনটি পদ্মার আর কোনটি অন্য এলাকার তা বোঝা ক্রেতাদের জন্য কঠিন হয়ে পড়ছে। পদ্মার ইলিশের স্বাদ গুজরাটের ইলিশের থেকে কয়েকগুণ বেশি।

পদ্মার মিষ্টি পানিতে বেড়ে ওঠার কারণে এই ইলিশের শরীরে ওমেগা-৩ এর পরিমাণ অনেক বেশি থাকে, যা রান্নার পর একে অত্যন্ত নরম ও সুস্বাদু করে তোলে। অন্যদিকে, গুজরাটের উপকূলীয় বা সামুদ্রিক পরিবেশে বেড়ে ওঠা এবং দীর্ঘ সময় বরফে সংরক্ষিত থাকার কারণে গুজরাটি ইলিশ স্বাদে কিছুটা পানসে ও মাংস তুলনামূলক শক্ত হয়ে থাকে।

অভিযোগ রয়েছে, কম দামে কেনা এসব ইলিশ অনেক সময় চড়া দামে পদ্মার ইলিশ বলে বিক্রি করা হয়। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে ক্রেতাদের। তবে মাছের বাহ্যিক গঠন, চোখ, গায়ের রং ও আঁশের উজ্জ্বলতা খেয়াল করলে পদ্মার ইলিশ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ইলিশ কেনার আগে এই চারটি বিষয়ে খেয়াল করলে আপনি পদ্মার ইলিশ চিনে কিনতে পারবেন-

১. মাছের গঠন ও আকৃতি দেখুন
পদ্মার ইলিশ সাধারণত তুলনামূলক খাটো হয়। তবে মাছটির মাঝের অংশ বেশ গোলগাল, চওড়া ও ভরাট থাকে। পিঠের অংশ কিছুটা উঁচু এবং লেজের দিকও তুলনামূলক পুরু হয়।

অন্যদিকে গুজরাটের ভারুচ বা পশ্চিম উপকূল থেকে আসা ইলিশ সাধারণত লম্বাটে ও সরু প্রকৃতির। এদের পেট বা মাঝের অংশ নদীর ইলিশের মতো অতটা ভরাট দেখায় না। তাই বাজারে ইলিশ কেনার সময় প্রথমেই মাছটির শরীরের গঠন ও আকৃতি ভালোভাবে দেখে নিতে পারেন।

২. চোখের দিকেও নজর দিন
ইলিশ চেনার আরেকটি উপায় হলো মাছের চোখ দেখা। টাটকা পদ্মার ইলিশের চোখ সাধারণত পরিষ্কার, স্বচ্ছ ও উজ্জ্বল দেখায়। 

অন্যদিকে গুজরাট থেকে আসা ইলিশ দীর্ঘ সময় বরফে থাকার কারণে চোখের চারপাশ কিছুটা কালচে লাল বা রক্তবর্ণ হতে পারে। তাই মাছ কেনার সময় শুধু শরীরের গঠন ও রং নয়, চোখের অবস্থাও খেয়াল করা যেতে পারে।

৩. গায়ের রং ও আঁশের উজ্জ্বলতা দেখুন
দুই ধরনের ইলিশের গায়ের রংই রুপালি। তবে উজ্জ্বলতায় কিছুটা পার্থক্য দেখা যায়। পদ্মার ইলিশের আঁশ সাধারণত বেশ চকচকে রুপালি হয়। আলো পড়লে পিঠের দিকে হালকা সোনালি বা বেগুনি আভার ঝিলিক দেখা যেতে পারে। শরীরের মাঝ বরাবর একটি হালকা লালচে রেখাও স্পষ্ট থাকে।

অন্যদিকে গুজরাটের ইলিশের গায়ে রুপালি ভাব থাকলেও পিঠের অংশ তুলনামূলক কালচে বা ধূসর দেখায়। নদীর তাজা ইলিশের মতো রুপালি-সোনালি উজ্জ্বলতা এতে সবসময় দেখা যায় না।

৪. স্বাদ ও ঘ্রাণেও পার্থক্য
পদ্মার ইলিশের অন্যতম আকর্ষণ এর স্বাদ ও ঘ্রাণ। নদীর মিষ্টি পানিতে বেড়ে ওঠার কারণে এই মাছের শরীরে প্রাকৃতিক তেলের পরিমাণ বেশি থাকে। ফলে রান্নার পর মাছ নরম ও তুলতুলে হয় এবং খাবারে আলাদা স্বাদ পাওয়া যায়।রান্নার সময় পদ্মার ইলিশের বিশেষ ঘ্রাণও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে সামুদ্রিক পরিবেশে বেড়ে ওঠা গুজরাটের ইলিশ তুলনামূলক শক্ত হতে পারে। স্বাদও কিছুটা পানসে লাগতে পারে। রান্নার সময় পদ্মার ইলিশের মতো তীব্র ও পরিচিত ঘ্রাণও পাওয়া যায় না।

আরও পড়ুন: এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব

কেনার সময় যেসব বিষয় ইলিশ সময় থাকবেন
ইলিশের চাহিদা বেশি থাকায় বিভিন্ন এলাকার মাছ একই নামে বিক্রি হওয়ার সুযোগ তৈরি হয়। দেখতে কাছাকাছি হওয়ায় শুধু বিক্রেতার কথার ওপর নির্ভর না করে মাছটি ভালোভাবে দেখে নেওয়া উচিত। চড়া দাম দিয়ে ইলিশ কেনার আগে মাছটি আসলে কোন এলাকার, তা যতটা সম্ভব যাচাই করে নিবেন। 

সূত্র:সিএনআই

‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে আটকে জুনিয়রকে পেটালেন সিনিয়র, র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদ নিয়ে ‘টেকনিক্যাল’ জটিলতা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬