মোবাইল অ্যাপ BillBoard © সংগৃহীত
একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগের বিল, মিটারের ব্যালেন্স ও ব্যবহারের হিসাব একসঙ্গে দেখার সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে ‘BillBoard’ নামে একটি মোবাইল অ্যাপ। ‘A Dashboard of Bills’ স্লোগান নিয়ে তৈরি অ্যাপটিতে একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সংরক্ষণ করে প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকে দেখা যাবে।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান Butterfly Devs, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত একটি ডেভেলপমেন্ট টিম। দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ও গ্যাস বিল ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহারকারীদের নানা ধরনের ভোগান্তি ও জটিলতা কমানোর লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
নির্মাতারা জানান, বর্তমানে অনেক ব্যবহারকারীর একাধিক বাসা, মেস, অফিস কিংবা পরিবারের বিভিন্ন সদস্যের নামে একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগের বিল, মিটারের ব্যালেন্স কিংবা ব্যবহারের তথ্য জানতে অনেক সময় আলাদা আলাদা প্ল্যাটফরম বা সেবার ওপর নির্ভর করতে হয়। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যেমন সময়সাপেক্ষ, তেমনি কোনো মিটারের ব্যালেন্স কমে যাওয়া বা বিল পরিশোধের বিষয়টি ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকে।
এই সমস্যার একটি সহজ সমাধান হিসেবেই ‘BillBoard’ তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই নিজেদের একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগের প্রয়োজনীয় তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে NESCO-এর প্রিপেইড মিটারের বর্তমান ব্যালেন্স, রিচার্জের তথ্য, মাসিক বিদ্যুৎ ব্যবহার এবং সম্ভাব্য কত দিন ব্যালেন্স চলবে তার পূর্বাভাস দেখা যাবে। পাশাপাশি ব্যালেন্স নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে ব্যবহারকারীকে সতর্ক করার জন্য রয়েছে লো-ব্যালেন্স নোটিফিকেশন সুবিধা।
NESCO-এর পোস্টপেইড গ্রাহকেরাও অ্যাপটির মাধ্যমে বিদ্যুৎ বিল এবং গ্রাহকসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। অন্যদিকে, DESCO-এর প্রিপেইড মিটারের ক্ষেত্রে বর্তমান ব্যালেন্স, রিচার্জ হিস্ট্রি, গত ১২ মাসের বিদ্যুৎ ব্যবহারের তথ্য এবং মিটারের বিস্তারিত তথ্য দেখা যাবে।
এ ছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) গ্রাহকেরা অ্যাপটির মাধ্যমে বকেয়া বিল, সর্বশেষ বিল পরিশোধের তথ্য, বিলের মাস এবং গ্রাহকসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি মিটারের আলাদা নাম দেওয়ার সুযোগও রাখা হয়েছে বলে জানান তারা। ফলে একই অ্যাপে একাধিক সংযোগ যুক্ত থাকলেও ‘বাসার মিটার’, ‘অফিস’, ‘মেস’ কিংবা পছন্দের অন্য কোনো নামে সংযোগগুলো আলাদা করে রাখা যাবে। এতে প্রয়োজনের সময় নির্দিষ্ট মিটার শনাক্ত করা আরও সহজ হবে।
নির্মাতারা আরও জানান, অ্যাপটি তৈরির ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ছিল বিল ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করা। বিশেষ করে যেসব ব্যবহারকারী নিয়মিত একাধিক মিটারের ব্যালেন্স, বিদ্যুৎ ব্যবহার কিংবা বিলের তথ্য পর্যবেক্ষণ করেন, তাদের জন্য একই জায়গা থেকে এসব তথ্য দেখার সুবিধা তৈরি করাই ছিল অ্যাপটির অন্যতম উদ্দেশ্য।
তাদের মতে, একটি মিটারের ব্যালেন্স কখন শেষ হয়ে যেতে পারে কিংবা কোনো বিল বকেয়া আছে কি না—এ ধরনের তথ্য সময়মতো জানা গেলে ব্যবহারকারীরা আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। ফলে হঠাৎ মিটার বন্ধ হয়ে যাওয়া, জরুরি সময়ে রিচার্জের বিড়ম্বনা কিংবা বিল পরিশোধের বিষয় ভুলে যাওয়ার মতো সমস্যাও অনেকটা কমানো সম্ভব হবে।
অ্যাপটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলে Butterfly Devs-এর সদস্য সুজন প্রধান বলেন, এটি ব্যবহারের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি বা আলাদা করে লগ-ইন করার প্রয়োজন নেই। ব্যবহারকারীর তথ্য কোনো আলাদা ক্লাউড বা তৃতীয় পক্ষের সার্ভারে পাঠানো হয় না। স্থানীয়ভাবেই তথ্য সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছি আমরা।
Butterfly Devs-এর আরেক সদস্য সিএসই বিভাগের ২০২০-২১ সেশন শিক্ষার্থী নাজমূল হাসান বলেন, প্রযুক্তিকে শুধু জটিল সমস্যা সমাধানের জন্য নয়, মানুষের প্রতিদিনের ছোট ছোট ভোগান্তি কমানোর জন্যও ব্যবহার করা যায়। সেই চিন্তা থেকেই BillBoard-এর যাত্রা। ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে অ্যাপটিতে আরও বিদ্যুৎ ও গ্যাস সেবার সমন্বয় এবং নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, যাদের একাধিক বিদ্যুৎ ও গ্যাস সংযোগের হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়, তাদের জন্য BillBoard দৈনন্দিন বিল ব্যবস্থাপনাকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলবে।