সাজানো ঘর © সংগৃহীত
নিজের পছন্দ মতো একটা ঘরে থাকতে কার না ভালো লাগে। সবাই চায় তার থাকার জায়গাটা সুন্দর ও আকর্ষণীয় হোক। তাই যাদের ঘর সাজানোর পরিকল্পনা আছে, কিন্তু কোন সোফা ঘরে মানাবে, কোথায় কী রাখলে ভালো দেখাবে কিংবা পছন্দের কোনো আসবাব কোথায় পাওয়া যাবে এসব নিয়ে প্রায়ই দ্বিধায় পড়তে হয়। এবার এসব কাজ কিছুটা সহজ করতে গুগল সার্চে থাকা বিভিন্ন সুবিধা কাজে লাগানো যাবে।
গুগল জানিয়েছে, ঘর সাজানো নিয়ে মানুষের অনলাইনে আগ্রহ দ্রুত বাড়ছে। গত এক মাসে ‘হোম ডেকর ইনস্পো’ লিখে সার্চের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশ। একই সময়ে বাথরুম ও বসার ঘর সাজানোর ধারণা নিয়েও সার্চ বেড়েছে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ঘর সাজানোর পরিকল্পনা থেকে শুরু করে পণ্য কেনা পর্যন্ত গুগল সার্চের পাঁচটি সুবিধার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো-
১. ঘরে আসবাব কেমন দেখাবে, আগে থেকেই দেখা যাবে
নতুন সোফা বা বড় কোনো আসবাব কেনার আগে সেটি ঘরের সঙ্গে মানাবে কি না, তা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। গুগলের এআই মোড ব্যবহার করে ঘরের ছবি আপলোড করে এ বিষয়ে পরামর্শ নেওয়া যাবে। যেমন, ঘরের দেয়ালের মাপ জানিয়ে কী ধরনের সোফা সেখানে মানাবে, তা জানতে চাওয়া যাবে। এমনকি নির্দিষ্ট রং বা নকশার সোফা ঘরে কেমন দেখাতে পারে, তার নমুনাও তৈরি করে দেখার সুযোগ থাকবে।
আরও পড়ুন: অতিরিক্ত স্কিনকেয়ারেই নষ্ট ত্বক, দেখুন ৭ সতর্ক সংকেত
২. ছবি তুলে পছন্দের জিনিস খুঁজে পাওয়া
কোনো দোকানে বা বাইরে ঘোরার সময় পছন্দের কোনো আসবাব বা সাজসজ্জার সামগ্রী চোখে পড়লে সেটির ছবি তুলে গুগল লেন্সের মাধ্যমে খোঁজা যাবে। এতে ওই পণ্যের বিষয়ে আরও তথ্য পাওয়ার পাশাপাশি অনলাইনে একই ধরনের পণ্য খুঁজে দেখা সম্ভব হবে। গুগল জানিয়েছে, বর্তমানে পুরোনো ধাঁচের বা ভিনটেজ আসবাবের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। গত এক বছরে ভিনটেজ ধরনের বিভিন্ন আসবাব নিয়ে সার্চও বেড়েছে।
৩. অ্যাপ না বদলিয়েই পছন্দের পণ্য খোঁজা
অনলাইনে কোনো ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা ওয়েবপেজে পছন্দের কোনো আসবাব বা ঘর সাজানোর সামগ্রী দেখলে ‘সার্কেল টু সার্চ’ ব্যবহার করেও সেটি খুঁজে দেখা যাবে। স্ক্রিনে থাকা পণ্যটি ঘিরে দিলে গুগল একই ধরনের পণ্য দেখাতে পারে। ফলে ভিডিও বা অন্য অ্যাপ থেকে বের হয়ে আলাদা করে পণ্যের নাম লিখে সার্চ করার প্রয়োজন কমবে।
৪. ঘর সাজানোর কাজেও মিলবে নির্দেশনা
নিজের হাতে ঘরের বিভিন্ন কাজ করতে চান এমন ব্যবহারকারীদের জন্য ‘সার্চ লাইভ’ কাজে আসতে পারে। উদাহরণ হিসেবে গুগল ভাসমান তাক বা ফ্লোটিং শেলফ দেয়ালে লাগানোর কথা বলেছে। গুগল অ্যাপের ‘লাইভ’ সুবিধা চালু করে ক্যামেরার মাধ্যমে কাজের জায়গা দেখিয়ে ধাপে ধাপে নির্দেশনা বা প্রশ্নের উত্তর নেওয়া যাবে। অর্থাৎ কাজ করার সময় কী করতে হবে, তা সরাসরি জেনে নেওয়ার সুযোগ থাকবে।
৫. কেনার আগে পণ্যের দাম যাচাই
ঘর সাজাতে গিয়ে বেশি খরচ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই কোনো বাতি, দেয়ালের নকশা বা অন্য কোনো পণ্য কেনার আগে গুগল সার্চে বিভিন্ন দোকানের দাম তুলনা করে দেখা যাবে। এ ছাড়া কোনো পণ্যের আগের দামের তথ্য দেখে বর্তমান দামটি স্বাভাবিকের তুলনায় বেশি নাকি কম, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
পছন্দের পণ্যের দাম কমলে জানানোর জন্য ‘ট্র্যাক প্রাইস’ সুবিধাও ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, এসব সুবিধা কাজে লাগিয়ে ঘর সাজানোর জন্য শুধু ধারণা খোঁজাই নয়, পণ্য বাছাই, দাম যাচাই এবং নিজের হাতে কাজ করার মতো বিষয়গুলোও সহজে করা সম্ভব হবে।