পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সার্ভারে ঢুকেছে এআই মডেল: ওপেনএআই

২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ PM
ওপেনএআইর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও স্যাম অল্টম্যান

ওপেনএআইর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও স্যাম অল্টম্যান © সংগৃহীত

নিয়ন্ত্রিত পরীক্ষার সময় ওপেনএআইর দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল পরীক্ষার পরিবেশ ছেড়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করেছে বলে দাবি করেছে কোম্পানিটি। ঘটনাটিকে অভূতপূর্ব সাইবার ঘটনা হিসেবে বর্ণনা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২২ জুলাই) ওপেনএআই জানায়, নিজেদের এআই মডেলের সাইবার সক্ষমতা যাচাইয়ের জন্য পরিচালিত একটি অভ্যন্তরীণ পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, সদ্য প্রকাশিত জিপিটি-৫.৬ এসওএল এবং একটি এখনো প্রকাশ না হওয়া আরও সক্ষম মডেল দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত এজেন্ট পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে পৌঁছে যায়। পরে এটি চুরি করা লগইন তথ্য ব্যবহার এবং পূর্বে অজানা একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।

ওপেনএআই দাবি করেছে, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এজেন্টটি এই পদক্ষেপ নিয়েছিল। কোম্পানির মতে, এটি ছিল লক্ষ্য অর্জনের জন্য এজেন্টের চরম প্রচেষ্টা।

হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গু বলেন, শুরুতে তারা ধারণা করেছিলেন কোনো শীর্ষস্থানীয় গবেষণাগার এ ঘটনার সঙ্গে জড়িত। তবে তার বিশ্বাস, ওপেনএআইর পক্ষ থেকে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে পুরো ঘটনাটি স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে।’ তার মতে, এটি সম্ভবত এ ধরনের প্রথম ঘটনা।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য গ্রেগ কাসার। তিনি বলেন, ‘বাস্তবসম্মত নিয়ন্ত্রণব্যবস্থা ছাড়াই এআই অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’ তিনি বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদারের আহ্বান জানান।

এই ঘটনা এমন সময় সামনে এলো, যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নত এআই সিস্টেম জনসমক্ষে উন্মুক্ত করার আগে সেগুলোর জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এআইনির্ভর সাইবার হামলা এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সক্ষমতা নিয়ে সতর্ক করে আসছেন। গত মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও সবচেয়ে শক্তিশালী এআই সিস্টেমগুলোর উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছিল। তথ্যসূত্র: আল জাজিরা।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে কুপ্রস্তাব, অভিযোগ প্রত্যাহারের পর হাসপাতালে…
  • ২৩ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি!
  • ২৩ জুলাই ২০২৬
মানসিক চাপ সামলাতে সাহায্য করবে ৬ টি সহজ গ্রাউন্ডিং অনুশীলন
  • ২৩ জুলাই ২০২৬
জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অ…
  • ২৩ জুলাই ২০২৬
রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
  • ২৩ জুলাই ২০২৬