ঢাবি সাদা দল

ববি হাজ্জাজের মন্তব্য কোনো সুস্থ ও ইতিহাস সচেতন মানুষের বক্তব্য হতে পারে না

২৯ মে ২০২৬, ০৩:৪০ PM , আপডেট: ২৯ মে ২০২৬, ০৩:৪৭ PM
ঢাবি সাদা দল

ঢাবি সাদা দল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে তারা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। একইসঙ্গে সাদা দল বলছে, তার এই মন্তব্য কোনো সুস্থ ও ইতিহাস সচেতন মানুষের বক্তব্য হতে পারে না।

আজ শুক্রবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের এক বিবৃতিতে সাদা দল নেতারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, তা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মর্যাদার পরিপন্থী এবং গভীরভাবে নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয়। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাংকিং অনুযায়ী এটি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএস) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএসএসআর) উল্লেখযোগ্য। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সভুক্ত সাময়িকীতে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। এ অবস্থায় গবেষণার বিষয়ে অসত্য তথ্যের ভিত্তিতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করা হয়।

সাদা দলের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব, জন্ম ও বিকাশের ইতিহাসের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বের কেন্দ্র ছিল এই বিশ্ববিদ্যালয়। এছাড়া স্বাধীনতার পর বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯০ সালের এরশাদবিরোধী গণআন্দোলন, ১/১১-পরবর্তী অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্যও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিকশিত হয়েছে। সীমিত বাজেট ও রাষ্ট্রীয় উদাসীনতার মধ্যেও শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি যে অনন্য অবদান রেখে চলেছে, তা বিশ্বব্যাপী স্বীকৃত। এ কারণেই সংক্ষেপে বলা যায়, ‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’।

সাদা দল নেতারা বলেন, এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান সম্পর্কে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার’—এ ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের মতে, এ মন্তব্য কোনো সুস্থ ও ইতিহাস সচেতন মানুষের বক্তব্য হতে পারে না; বরং এটি অজ্ঞতাপ্রসূত ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যেরই বহিঃপ্রকাশ। সরকারের একজন মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য শুধু লজ্জাজনকই নয়, তা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকেও গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে বলা হয়, এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে অপমান করা হয়েছে।

সাদা দল অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এ মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানায়। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে টপকে শীর্ষে উঠলেন এমবাপ্পে
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে দাবানলের শঙ্কা
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence