একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থাকছেন একই হলে

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM
শাকিবুল হাসান জনি ও রাকিবুল হাসান রনি

শাকিবুল হাসান জনি ও রাকিবুল হাসান রনি © সংগৃহীত

শৈশব থেকে একই স্কুল, একই কলেজ শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই পাশাপাশি পথ চলেছেন শেরপুরের জমজ দুই ভাই শাকিবুল হাসান জনি ও রাকিবুল হাসান রনি। এবার সেই পথচলা গড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। শুধু একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই নয়, দুজনই সুযোগ পেয়েছেন একই বিভাগে। এমনকি আবাসিক হলও পেয়েছেন একই। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে মতিহার হলে থাকছেন শেরপুরের সদর উপজেলার মোবারকপুরের এই দুই ভাই।

শৈশব থেকেই একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইয়ের মাধ্যমিকের শিক্ষাজীবন শুরু হয় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে। এসএসসি পরীক্ষায় দুজনই জিপিএ-৫.০০ অর্জন করেন। মাধ্যমিকের পরও তাদের পথ আলাদা হয়নি। দুজনই ভর্তি হন শেরপুর সরকারি কলেজে। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন। শাকিবুল হাসান জনি জিপিএ-৪.৯২ এবং রাকিবুল হাসান রনি জিপিএ-৪.৮৩ অর্জন করেন।

এরপর উচ্চশিক্ষার জন্য তাদের গন্তব্য হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুজনই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পান। একই বিভাগের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি তাদের আবাসিক ঠিকানাও হয়েছে একই মতিহার হল। শুধু তাই নয়, একই কক্ষে বসে ক্লাস করার সুযোগও পাচ্ছেন তারা।

রাকিবুল হাসান রনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। মহান রব চেয়েছেন বলেই আজ আমরা স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়েও একইসঙ্গে একরুমে বসে ক্লাস করতে পারছি। মাঝে মধ্যে ভাবলে নিজেরাই অবাক হয়ে যাই। ক্লাস নাইনে পদার্থবিজ্ঞান সম্পর্কে জানার পর থেকেই বিষয়টি আমাদের খুব পছন্দের ছিল। পছন্দের বিভাগে ভর্তি হওয়ার পাশাপাশি একই হলও বরাদ্দ পেয়েছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে।’

শাকিবুল হাসান জনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই ভাইয়ের সবসময় একসঙ্গে পড়ার স্বপ্ন ছিল। সেটা এত সুন্দরভাবে পূরণ হবে, তা কখনো ভাবতে পারিনি। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা ভবিষ্যতেও সফলতা একসঙ্গে ধরে রাখতে চাই।’

একই স্কুল, একই কলেজ, একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ ও একই হলে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপেই একসঙ্গে এগিয়ে চলেছেন শেরপুরের এই জমজ দুই ভাই। মোবারকপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে এবার পদার্থবিজ্ঞানের জগতে নিজেদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মা-ভাতিজিকে হত্যা যুবকের, গুরুতর জখম ভাবি হাসপাতালে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬