© সংগৃহীত
রাজশাহীর তানোরে দিনে-দুপুরে মার্কেটের দোকান থেকে প্যান্ট চুরি করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১০ এপ্রিল) তানোর পৌর এলাকার প্রদীপ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই মার্কেটের স্টাইল কালেকশন থেকে রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে জুয়েল রানার প্যান্টটি চুরি করেন। পরে এ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা জুয়েল রানা তানোর উপজেলার চাপড়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, দুজন ক্রেতা দোকান থেকে বেরিয়ে যান। ওই সময় ছাত্রলীগ নেতা জুয়েল রানা দোকানের সামনে এসে বাইরে টাঙানো একটি জিন্স প্যান্ট নামান। পরে সেই প্যান্ট নিয়ে সোজা মার্কেট থেকে বেরিয়ে যান।
স্টাইল কালেকশনের মালিক প্রসেনজিত কুমার জানান, ঘটনার দিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি দোকানের বাইরে থাকাতে তখন তার ছোট ভাই দোকানে ছিলেন। পরে তিনি এসে বাইরে ঝোলানো দুটি প্যান্টের একটি পাননি। তার ভাইও বিক্রির বিষয়টি নিশ্চিত করতে পারেননি। অনেক খুঁজে সন্ধান না পেয়ে পরদিন পাশের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন। সেখানেই ছাত্রলীগ নেতার প্যান্ট চুরির ঘটনা ধরা পড়ে।
তবে ঘটনাটি চুরি নয় বলে জানিয়ে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, ওই সময় তিনি অপ্রকৃতস্থ ছিলেন। কথা বলতে পারছিলেন না। প্যান্টটি তিনি জেনে শুনেই নিয়েছেন। কিন্তু দাম পরিশোধে ভুলে গেছেন। পরে তিনি দাম পরিশোধ করছেন।
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো ব্যবসায়ী বা বাজার কমিটি কোনো অভিযোগ করলে আলোচনা সাপেক্ষে জুয়েলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।