র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের ৫০০টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা কোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে তাদের অনুমোদন দেওয়ার সুযোগ তৈরি করা হবে।

এ জন্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে এলে দেশের শিক্ষার্থীরা দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পাবে।

অনুষ্ঠানে পাঠ্যপুস্তকের মান নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতোমধ্যে নিম্নমানের পাওয়া বই বাতিল ও নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, পাঠ্যপুস্তক ছাপানোর ক্ষেত্রে কাগজ, কালি ও ছাপাখানার মানসহ কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। দেশীয় মুদ্রণশিল্পকে এগিয়ে নিতে এ বছর বিদেশি কোনো কোম্পানিকে বই ছাপার কাজ দেওয়া হয়নি। সময়মতো মানসম্মত বই ছাপানোর সক্ষমতা দেশীয় প্রতিষ্ঠানগুলোর রয়েছে বলেও জানান তিনি।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি নিয়েও পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ১৫০টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। ভবিষ্যতে এটি সারাদেশে বিস্তৃত করা হবে।

মিড-ডে মিলে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে নিজেদের পছন্দের খাবার কিনতে পারবে। খাদ্য তালিকায় আরও নতুন খাবার যুক্ত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে খাবার সরবরাহের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের চিন্তাও রয়েছে। প্রথমে কয়েকটি জেলায় পাইলটিংয়ের পর তা সারাদেশে বাস্তবায়ন করা হবে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এ জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হচ্ছে এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সৌদি আরবেও টেকনিক্যাল স্কুল ও কলেজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। আগামীতে পরীক্ষার দুই সেট প্রশ্নপত্র দুই জায়গা থেকে প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এর একটি হবে বিজি প্রেস এবং অন্যটি আর্মি সিকিউরিটি প্রেস থেকে। পরীক্ষা সময়মতো নেওয়া হবে, যাতে পরীক্ষার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় নষ্ট না হয় এবং বর্ষাকালীন দুর্যোগও এড়ানো যায়।

এ ছাড়া পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাস্তবতার নিরিখেই এ পরিবর্তন করা হয়েছে।

কচুয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ জনবল তৈরিতে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার বিকল্প নেই। কচুয়ার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কচুয়ার প্রতিটি সেক্টরের উন্নয়নে ‘শেডো মিনিস্টার’ ও কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি। এ ছাড়া কচুয়ার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কচুয়ার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬