কমিটি ঘোষণা হতে পারে আজ, শীর্ষ পছন্দ শ্রাবণ খোকন ও আমিন

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ PM

© ফাইল ফটো

আজ রাতেই পাঁচ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে গুঞ্জন উঠেছে। আজ বুধবার বিকেল ৪টার মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলায় এ গুঞ্জত সত্য হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গত ১৪ সেপ্টেম্বর এ কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে আজ বুধবার বিকাল চারটার মধ্যে ঢাকায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের কাউন্সিলে সভাপতি এবার সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী আলোচনায় রয়েছেন। তারা হলেন, সভাপতি পদে কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং ফজলুর রহমান খোকন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান আমিন আলোচনায় রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএন‌পি চেয়ারপারসনের রাজ‌নৈ‌তিক কার্যালয়ে স্থগিত ছাত্রদলের কাউন্সিল নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত নেতা‌রা। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে লন্ডন থে‌কে স্কাইপে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরে রাতেই ফোন করে সারাদেশের কাউন্সিলরদের ঢাকায় আসতে বলা হয়। সূত্র বলছে, আজই কাউন্সিলরদের সিদ্ধান্তক্রমে করণীয় ঠিক করা হবে। আজ কেন্দ্রীয় কার্যালয়ে আসার জরুরি তলব পাওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একাধিক কাউন্সিলর। তারা জানিয়েছেন, ফোন করে বিকাল ৪টার মধ্যে অবশ্যই কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কাউন্সিলররা ঢাকায় এসেছেন। তাদের নিকট থেকে মতামত কিংবা প্রত্যক্ষ ভোট নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমার দীর্ঘদিনের শ্রম এবং কর্মকাণ্ড বিবেচনা করে তারা আমাকে সমর্থন জানাবেন বলে আশা করছি।’

অপর সভাপতি প্রার্থী ফজলুর রহমান খোকন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কাউন্সিলর সবাইকে ডাকা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সুষ্ঠু নির্বাচনের পদক্ষেপ নিয়েছেন। আমি আশা করি, দলের প্রতি আমার ত্যাগ ও যোগ্যতার আলোকে কাউন্সিলররা আমাকে তাদের মূল্যবান সমর্থন জানাবেন। নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কাউন্সিলররা আজ ঢাকায় এসেছেন। শেষ পর্যন্ত যদি ভোট হয়, তবে তারা আমাকে সমর্থন দেবেন বলে আশা করছি। বিরোধী দলে থাকা অবস্থায় দলের জন্য অনেক পরিশ্রম করেছি। দলকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে এবং সামনে এগিয়ে নিতে তারা আমাকে সুযোগ দেবেন সেটাই প্রত্যাশা।’

কাউন্সিলরদের ঢাকায় ডাকার ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কাউন্সিলের আপিল কমিটির প্রধান শামসুজ্জামান দুদু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আদালতের বিষয়টি যেহেতু বিএনপির ওপর, সেহেতু এখন দায়িত্বটা ছাত্রদলের। তারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এখানে আমাদের কোন হাত নেই।’

ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে যাচাই-বাছাই কমিটির সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘ছাত্রদলের সব কাউন্সিলরদেরকে চারটার মধ্যে ঢাকায় থাকতে বলা হয়েছে।আদালতসহ বিভিন্ন বিষয় আছে। এজন্য তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে।’

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।

এদিকে সাংগঠনিক অভিভাবক নির্বাচন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে সারাদেশ থেকে আসা ছাত্রদলের কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে সাংগঠনিক অভিভাবক নির্বাচন করেন।

বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বিএনপির শীর্ষ নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন তিনি। সভায় সর্বসম্মতিক্রমে নেয়া এ সিদ্ধান্ত পরে ঘোষণা করা হয়।

একই সঙ্গে ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেয়া সব সিদ্ধান্ত ও পরামর্শের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন কাউন্সিলররা। বৈঠকে কাউন্সিলরদের লিখিত প্রস্তাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি ও কাউন্সিলর খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনশর বেশি কাউন্সিলর অংশ নেন। কাউন্সিলে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে ২৬ দফা প্রস্তাব ও সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি বাতিলের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সভায় অংশ নেয়া কাউন্সিলররা। কাউন্সিলরদের লিখিত প্রস্তাব ও সিদ্ধান্তে তারেক রহমানকে ছাত্রদলের গঠন ও পুনর্গঠনসহ নেতৃত্ব নির্ধারণে নির্বাচন ও পরিচালনা করা তথা যে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়। এর ফলে তারেক রহমান ছাত্রদল গঠন, পুনর্গঠনসহ গঠনতন্ত্র সংশোধন, কাউন্সিল আহ্বান, কাউন্সিল মুলতবি, নেতৃত্ব নির্ধারণে নির্বাচন পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence