সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ
লগো
সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন শাখার প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার সমাবেশ শেষ হওয়ার পর পর এই গ্রেফতার অভিযান শুরু হয় বলে অভিযোগ করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা প্রকাশ করে আটক কর্মীদের মুক্তি দাবি করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কোনভাবেই যাতে প্রতিবাদ না ওঠে সেজন্যই ছাত্রদল নেতাদের পাইকারিহারে আটক করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে সরকারের নিদের্শে চূড়ান্ত ক্র্যাক-ডাউন শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার লাগাতার দমনপীড়নের নীতি চালিয়েও স্বস্তি ও শংকামুক্ত হতে পারছে না। নেতা-কর্মীদের বাসা-বাড়ীতে তল্লাসি চালিয়ে না পেয়ে এখন অনুমোদিত সভা সমাবেশগুলোতে আসা-যাওয়ার পথে নেতা-কর্মীদের আটক করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল যেন অংশ নিতে না পারে সেজন্যই এই গ্রেফতার। বেগম খালদা জিয়াসহ সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ছাত্রদল নেতারা।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন সৈকত, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন জালালী, ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আরমান আহম্মেদ, ঢাকা মহানগরীর ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রাসেল, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব, সহ-প্রচার সম্পাদক রাব্বি, ঢাকা মহানগর উত্তর তেজগাও থানা ছাত্রদল নেতা আবু সুফিয়ান ও হেলাল সবুজসহ ছয়জন, ঢাকা শিল্পাঞ্চল থানা ছাত্রদল নেতা মোহাম্মদ মানিক, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতা কাজী আরিফ, বাড্ডা থানা ছাত্রদল নেতা মো. ফরহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সাধারণ সম্পাদক রায়হান ও তারিকুল ইসলাম খান তারেকসহ চারজন, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা হোসাইন জাহিদ, দেলোয়ার হোসেন মোড়ল, দুলাল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি ইথেন ভুঁইয়া, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল, গৌরীপুর উপজেলা ছাত্রদল নেতা মোতালিব সিকদারসহ আরও শতাধিক।