শাবিপ্রবির হলে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

২২ মে ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২২ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। নিজ নিজ হলের পাশাপাশি ওই শিক্ষার্থীরা অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবেন না। রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, শাহপরান হলে ১৩ মে আনুমানিক রাত ১১টায় কতিপয় শিক্ষার্থীর মধ্যে আকস্মিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

হল থেকে বহিষ্কৃত ওই চার শিক্ষার্থী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাজ্জাতুল ইসলাম ওরফে সিফাত, একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও শাহপরান হলের আবাসিক ছাত্র মো. মাহফুজুল আলম, শাহপরান হলের আবাসিক ছাত্র ও ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ সাকিবুর রহমান।

তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হুদা ওরফে শুভর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর মধ্যে সৈয়দ সাকিবুর রহমান নিজেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন।

শাহপরান হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ মে রাতে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২২৩ নম্বর কক্ষের বাসিন্দা দলীয় তিন কর্মীকে হল থেকে নামিয়ে দিতে ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হুদার ২০ থেকে ২৫ জন অনুসারী যান। এতে বাধা দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের কয়েকজন অনুসারী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটলে প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ কৌশিক সাহা বলেন, ‘১৩মে রাতে অন্য হলের কিছু শিক্ষার্থী এসে শাহপরান হলের ২২৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্রদের হল থেকে নামিয়ে দিতে চেয়েছিলেন। এর জেরে হলে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ওই দিন প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্ট বডি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্ত করি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরো বলেন, এ ঘটনার অধিকতর তদন্তের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হাকিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের ৪ জনের পরিচয় পাওয়া গেছে
  • ০৭ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬