জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার 

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ PM
সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেন

সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেন © টিডিসি সম্পাদিত

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এর এক দিন আগে জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে এক শিক্ষক তাকে ‘বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার যাওয়ার টিকিট কেটে দেওয়ার অফার’সহ নানা অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন অনন্যা ফারিয়া।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
‎
‎তবে বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ধরন কিংবা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত জানানো হয়নি। ‎এ বিষয়ে জানতে অনন্যা ফারিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে বহিষ্কৃত অপর সদস্য ইমাম হোসেন বলেন, ‘আমি দলের বিরুদ্ধে কিছু বলতে চাই না।’

আরও পড়ুন: জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার শিক্ষকের, ছাত্রদল নেত্রীর বিস্ফোরক পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।’
‎
‎এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে অনন্যা ফারিয়া দাবি করেন, জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে এক শিক্ষক তাকে বয়ফ্রেন্ডসহ কক্সবাজার যাওয়ার টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই শিক্ষকের নাম উল্লেখ করেননি তিনি।
‎
‎একই পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। এছাড়া তিনি দাবি করেন, তিনি ও বহিষ্কৃত ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন, অথচ কেউ কেউ পরিশ্রম না করেই ‘ঘুমিয়ে’ অর্জন করছেন বলে তিনি শুনেছেন।
‎
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ আগস্ট জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্যানেল ঘোষণার পর একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অনন্যা ফারিয়া। পরে ৯ সেপ্টেম্বর, জাকসু নির্বাচনের দুই দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬