জিম্বাবুয়ে ক্রিকেট দল © সংগৃহীত
দীর্ঘ ৬ বছর পর আইসিসির কোনো বৈশ্বিক আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশটির ২০১৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ অংশ নিয়েছিল। জিম্বাবুয়ের কোয়ালিফাই করার দিনে অস্ট্রেলিয়ায় অনুস্থিতব্য ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ১৬টি দল চূড়ান্ত হয়েছে।
এই আসরে সরাসরি খেলবে ৮টি দল- স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ড খেলতে হবে স্কটল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
গত বিশ্বকাপে শীর্ষ দশে থাকায় স্কটল্যান্ড ও নামিবিয়া প্রথম রাউন্ড নিশ্চিত করেছিল আগেই। বাছাইপর্ব থেকে নিশ্চিত হয়েছিল আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও। শুক্রবার (১৫ জুলাই) নিশ্চিত হল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের অন্তর্ভুক্তি।
শুক্রবার কোয়ালিফায়ারের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে ২৭ রানে পরাজিত করে পাপুয়া নিউ গিনিকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়ে দেয় আমেরিকাকে। দু'টি সেমিফাইনালে পরাজিত দল ছিটকে যায় বিশ্বকাপের দৌড় থেকে। যদিও ২০২৪ সালে আমেরিকার সামনে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ চলে আসতে পারে, যেহেতু তারা টুর্নামেন্টের সহ-আয়োজক।
আরও পড়ুন: বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে
প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। চাকাবভা ৩০, এরভাইন ৩৮, ওয়েসলি ৪২, সিকন্দর রাজা ২২, উইলিয়ামস ২২, শুম্বা অপরাজিত ২৯ ও রিয়ান অপরাজিত ১০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে ১৭২ রানে আটকে যায়। টনি ৬৬ ও চার্লস আমিনি ৩১ রান করেন। ২টি উইকেট নেন মুজারাবানি। দল হারলেও ম্যাচের সেরা হন টনি।
দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। টেলর ২৬, মনাঙ্ক ৩২ ও নিসর্গ ২৮ রান করেন। লিডস ও পল ভ্যান ২টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৩ উইকেটে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯১ রান করে অপরাজিত থাকেন লিডস। ২৬ রান করে নট-আউট থাকেন এডওয়ার্ডস।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হবে আগামী ১৬ অক্টোবর, যার পর্দা নামবে ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। এবারও মোট ১৬টি দল বিশ্বকাপে অংশ নিচ্ছে, যেখানে বাংলাদেশসহ ৮টি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নেবে মূল পর্বে, বাকি ৮ দলের সাথে।