থানায় নিয়ে আসা শিক্ষার্থীরা © সংগৃহীত
রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় ২৬ শিক্ষার্থীকে থানায় নিয়ে আসে কোতোয়ালি থানা পুলিশ। এরপর অভিভাবকদের ডেকে তাদের এবিষয়ে অবহিত করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে জানান, স্কুল চলাকালীন শিক্ষার্থীদের নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়ার ঘটনা প্রায় প্রতিদিনের। অথচ এই সব শিক্ষার্থীদের অভিভাবকরা জানেন তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গেছে। এভাবে স্কুল/কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠছে। এভাবেই বিপৎগামী হচ্ছে তারা।
তিনি বলেন, এসব শিক্ষার্থী আমাদেরই ভাই-বোন ও সন্তান। তাদের ভুল থেকে ফেরাতে উদ্যোগ নিয়েছে পুলিশ। ব্যস্ত নাগরিক জীবনে সন্তানদের খোঁজ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে অভিভাবকদেরও।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। বিষয়টিকে অভিভাবকরাও ইতিবাচকভাবে নিয়েছেন। তারা জানিয়েছেন, বিষয়টি তাদের কল্পনারও বাইরে। পুলিশ না জানালে তাদের সন্তানদের এ অবস্থা সম্পর্কে তারা জানতেই পারতেন না।