© গ্রাফিক্স ছবি
রাজধানীর মতিঝিলে লতিফুল হাবীব শুভ (১৮) নামে নটর ডেম কলেজের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নটর ডেম কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রশন্নপুর গ্রামের কাজী আশরাফুল হকের ছেলে। সে রাজধানীর টিকাটুলীর অভয় দাস লেনের ১১/৩ নম্বর বাসার ৭ম তলায় বড় বোন কাজী ফাতেমা তুজ-জোহরা ওরফে আশার সঙ্গে ভাড়া থাকত।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাইবোন বাসায় ছিলেন। হঠাৎ শুভ নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে বেলা সাড়ে ৩টার দিকে কয়েকজন দরজা ভেঙে দেখতে পান ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে শুভ ঝুলছে। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্নহত্যার বিষয়ে ওয়ারী থানার এসআই তামান্না আক্তার বলেন, মতিঝিলের নটর ডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল শুভর। কিন্তু কি কারণে শুভ আত্নহত্যা করল তা জানা যায় নি। তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়ি নিয়ে যাওয়ার আবেদন করেছে।