শিশুদের সঙ্গে প্রধান শিক্ষকের এ কেমন আচরণ!

১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ AM

© সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউট ড্রেসের টাকা দিতে না পারায় ১০ শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন প্রধান শিক্ষক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের পরীক্ষা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে সমাপনীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রধান শিক্ষক মৃনালিনী তালুকদার স্কাউট ড্রেসের টাকা না দেয়ায় ১০ জনকে পরীক্ষার হল থেকে তার কক্ষে ডেকে পাঠান।

তারা কক্ষে গেলে আট শিক্ষার্থী স্কাউট ড্রেসের টাকা আগামী শনি ও রোববার পরিশোধ করবেন, এমন প্রতিশ্রুতি দিলে তাদের পরীক্ষার সুযোগ দেয়া হয়। এছাড়া তৃতীয় শ্রেণির ছাত্রী পায়েল দে ও চতুর্থ শ্রেণির ছাত্রী চৈতী বিশ্বাসকে পরীক্ষা না দিয়েই বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

ওই দুই ছাত্রী বাড়িতে তাদের অভিভাবকদের জানালে তারা স্কুলে গিয়ে প্রতিবাদ করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদারকে জানান।

ঘটনা জানতে পেরে নিজে প্রশিক্ষণে থাকায় সিরাজুল হক তালুকদার সহকারী শিক্ষা কর্মকর্তা প্রিতীশ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে তাকে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্কুলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস। তিনি বের করে দেয়া শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলে হল থেকে বের করে দেয়া দুই ছাত্রীর পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন। এসময় তদন্তসাপেক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ২২ বছর ধরে বিদ্যালয়ের দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক মৃনালিনী তালুকদার। তার খেয়াল খুশি মতো পরিচালিত হয় বিদ্যালয়টি। তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে হেনস্তা করা হয়।

এ ব্যপারে প্রধান শিক্ষক মৃনালিনী তালুকদার বলেন, বিভিন্ন ঝামেলার কারণে মাথা গরম ছিল। এমন কাজ করা উচিত হয়নি। এসময় ভুল হয়েছে স্বীকার করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বদলির সুপারিশ ও বিভাগীয় ব্যবস্থা নিতে প্রতিবেদন দেয়া হবে।

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬