প্রাথমিকের টেন্ডারে অযৌক্তিক শর্তারোপের অভিযোগ

২৫ নভেম্বর ২০১৯, ০৩:০৩ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ল্যাপটপ, স্পিকার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের টেন্ডার ডক্যুমেন্টে কিছু বিশেষ শর্ত আরোপ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। এসব শর্তকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন আইটি খাতের স্থানীয় শিল্পোদ্যাক্তারা।

তাদের ধারণা, বিশেষ কোনো মহলকে কাজ পাইয়ে দিতে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছে অধিদফতর। তার বাস্তবায়নেই এই অযৌক্তিক শর্ত আরোপ করে টেন্ডার সিডিউল প্রণয়ন করা হয়েছে, যা উম্মুক্ত দরপত্র পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা। এর মাধ্যমে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে বড় প্রতিন্ধকতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানীর মিরপুর-২ এ প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মাল্টিপারপাজ হল রুমে অনুষ্ঠিত ‘প্রি-টেন্ডার মিটিং’ এ এসব কথা জানান স্থানীয় শিল্পোদ্যাক্তারা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এ মিটিংয়ে ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস), ডাটা সফট ও ওয়ালটনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আর বিদেশি পণ্য আমদানিকারক এজেন্টদের মধ্যে গ্লোবাল বাংলাদেশ, ফ্লোরা টেলিকম, ফ্লোরা লিমিটেড, স্মার্ট টেকনোলজিস, থাকরাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল হায়দার চৌধূরী জানান, টেন্ডারে প্রতিটি লটে পূর্ব অভিজ্ঞতার সনদ হিসেবে যে বিশাল পরিমাণ টাকার শর্ত আরোপ করা হয়েছে, তা পূরণ করার সামর্থ্য নির্দিষ্ট কিছু কোম্পানি ছাড়া অন্য কারো নেই। এর ফলে স্থানীয় আইটি শিল্প প্রতিষ্ঠানের জন্য টেন্ডার অংশগ্রহণে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এ সময় ফখরুল হায়দার জানান, দেশের কিছু সাহসী উদ্যোক্তা আইটি শিল্প খাতে বিশাল বিনিয়োগ নিয়ে এগিয়ে আসায় এ খাতের বিকাশ শুরু হয়েছে। তাই, দেশিয় ডিজিটাল ডিভাইস উৎপাদন শিল্প প্রতিষ্ঠানের পক্ষে এতো বিশাল অঙ্কের পূর্ব অভিজ্ঞতার সনদ দেয়া অসম্ভব। এরই প্রেক্ষিতে, বিদ্যমান টাকার অঙ্ক কমিয়ে যৌক্তিক পরিমাণ অর্থ নির্ধারণের অনুরোধ জানান তিনি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেই দেশীয় শিল্প বিকাশের প্রতি অধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য সরকারি প্রতিষ্ঠানে পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনাও দিয়েছেন। অথচ সরকারি ক্রয় নীতিতে সেই নির্দেশনা মানা হচ্ছে না। বরং বিশেষ ধরণের শর্ত জুড়ে দিয়ে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণের পথে বড় প্রতিন্ধকতা তৈরি করা হচ্ছে।

প্রকৃতপক্ষে, দেশীয় শিল্পপ্রতিষ্ঠানকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। ফলে, সম্ভাবনাময় এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অন্যদিকে আমদানিকে উৎসাহিত করা হচ্ছে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-৪ শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাপটপ, স্পিকার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর গত ৮ নভেম্বর তিনটি পৃথক দরপত্র আহ্বান করে। প্রতিটি টেন্ডারেই ৫টি লটে ২৬ হাজার ইউনিট করে পণ্য কেনা হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই সব টেন্ডারের কারিগরি বিনির্দেশে প্রত্যেক লটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য বিগত ৫ বছরে সর্বোচ্চ ২টি চুক্তির মাধ্যমে বিশাল অঙ্কের (প্রায় ৩০ কোটি টাকা) পূর্ব অভিজ্ঞতার সনদ থাকার শর্ত জুড়ে দেয়া হয়েছে। আবার কোনো কোম্পানি সব লটে অংশগ্রহণ করতে চাইলে ল্যাপটপের জন্য প্রায় ১৫০ কোটি, স্পিকারের জন্য প্রায় ১৮ কোটি এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের জন্য প্রায় ১৩৪ কোটি টাকার পূর্ব অভিজ্ঞতার সনদ থাকতে হবে।

এ ছাড়াও টেন্ডার ডক্যুমেন্টে অরিজিনাল উইন্ডোজের সঙ্গে এন্টি-ভাইরাস সফটওয়্যার, বাংলা ফন্ট হিসেবে বিজয় বাংলা সফটওয়্যারের পরিবর্তে অভ্র দেয়ার শর্ত দেয়া হয়েছে। প্রি-টেন্ডার সভায় বিদ্যমান শর্ত’কে অবাস্তব, অযৌক্তিক ও দেশীয় শিল্প বিকাশের পরিপন্থী বলে উল্লেখ করেন খাত সংশ্লিষ্টরা।

সূত্রমতে, টেন্ডার ডক্যুমেন্টের বিদ্যমান শর্ত বাস্তবতার নিরীখে সংশোধনের জন্য সভায় তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেন। সে সময় তাদের উত্থাপিত যৌক্তিক দাবি বা প্রস্তাবনার বিপক্ষে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পাল্টা যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন। এ অবস্থায় অসাধু সিন্ডিকেটের মাধ্যমে কাজটি বিদেশি পণ্য আমদানিকারক এজেন্টরা বাগিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় উৎপাদকরা।

তাদের মতে, টেন্ডার প্রক্রিয়ায় দেশীয় প্রতিষ্ঠান না থাকার সুযোগে আমদানিকৃত পণ্য সরবাহের মাধ্যমে প্রকল্পের বিশাল অঙ্কের টাকা বিদেশে চলে যাবে। অন্যদিকে এ খাতে দেশীয় উদ্যোক্তাদের বিশাল বিনিয়োগই শুধু ঝুঁকির মুখে পড়বে না; হাই-টেক পার্কে বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হবে।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬