এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শিক্ষার্থীরা

০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ AM
বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণ

বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণ © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এলজিইডির সড়ক বন্ধ করে একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নমজ আলী গংদের বিরুদ্ধে। বিদ্যালয় চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র হাতে শতাধিক মানুষ নিয়ে এসে রাস্তা নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর সুপের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এলজিইডির সড়কটি বন্ধ করে দিয়ে বিদ্যালয়ের মাঠের মাঝ বরাবর নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয় বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, প্রতিপক্ষ নমজ আলী গংরা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এলজিইডির সড়কটি বন্ধ করে দিয়েছেন। এরপর বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে পাঁয়তারা চলছিল। এ বিষয়ে তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছিলেন। নমজ আলী গংদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নমজ আলী গংরা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এলজিইডির সড়ক বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের গেটও বন্ধ করে দিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে মাঝখান দিয়ে নতুন সড়ক তৈরি করা হয়।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা থাকলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হবে। নতুন রাস্তার ওপাশে বিদ্যালয়ের একটি ভবন রয়েছে। রাস্তা নির্মাণের কারণে ভবনটি এখন অরক্ষিত হয়ে পড়েছে। যেকোনো সময় ভবনটি জবরদখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। বিদ্যালয়ের মাঠ দখল করে নতুন রাস্তা নির্মাণের সময়ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছিল। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল। বিদ্যালয়ের জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে নমজ আলী গংরা দেশীয় অস্ত্র হাতে শতাধিক মানুষ নিয়ে বিদ্যালয়ে আসেন। পরে বিদ্যালয়ের মাঠ দখল করে নতুন রাস্তা নির্মাণ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে নতুন রাস্তা নির্মাণের সময় দেশীয় অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করায় বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হবে।

নবম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আকতার বলেন, এলজিইডির সড়ক জবরদখল করে বিদ্যালয়ের মাঝ বরাবর রাস্তা নির্মাণের সময় শতাধিক মানুষ দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে। এতে তারা আতঙ্কিত হয়েছে। বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা থাকলে তাদের লেখাপড়া বিঘ্নিত হবে। জবরদখল করা এলজিইডির সড়ক উদ্ধার করে জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি মেনে নেওয়া যায় না। আগামী রবিবার বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে নমজ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, কোনো সরকারি স্থাপনা জবরদখল হলে তা উদ্ধারে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাইলে তিনি সহযোগিতা করবেন।

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬