ক্লাসে অনুপস্থিত থাকলে ১০০ টাকা জরিমানা ভিকারুননিসার শিক্ষার্থীদের

০৭ মে ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০২:৫৪ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার (৭ মে) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাক্রমে সম্পৃক্ত রাখা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এডহক কমিটির অনুমোদনক্রমে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন (সিএ-৫) নম্বর প্রদান করা হবে। ৯১ থেকে ১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১ থেকে ৯০ শতাংশ উপস্থিতির জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশ উপস্থিতির জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশ উপস্থিতির জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর দেওয়া হবে। ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর পাওয়া যাবে না।

এছাড়া অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিতে হবে এবং অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের সনদপত্রও দাখিল করতে হবে। তবে গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা হারে অনুপস্থিতি ফি দিতে হবে, যা বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে পরিচালিত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুরুত্বপূর্ণ নোটিশ জানানো হবে। অভিভাবকদের শুধুমাত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নূন বাতায়ন এবং শ্রেণি শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ একাডেমিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬