প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর হবে: প্রতিমন্ত্রী

২২ মার্চ ২০১৯, ০৭:৫৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো ও প্রাথমিক স্তরের সকল শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া প্রতিমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু ও  প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। 

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং। এ সময় উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, ইউএনও জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

১১তম গ্রেডে বেতন প্রদান ও বৈষম্য নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে এখনো এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। এজন্য চলতি সপ্তাহ সময় দিয়ে আগামী সপ্তাহে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত প্রায় একমাস ধরে দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে মানববন্ধন করে দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এছাড়া গত ১৪ মার্চ দেশব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এরপরও দাবি আদায় না হওয়ায় বৃহৎ কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি তা হল আমাদের দাবিকৃত ১১তম গ্রেড নিয়ে এখনো তেমন কোন কাজ শুরু করেনি। তবে ২০ মার্চ ঢাকায় একটি ওয়ার্কশপ হয়েছে। সেখানে সরকারের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সে সময়ও দাবি ছিল, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারণ। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের  উদ্যাগে আয়োজিত ওই অনশন কর্মসূচিতে জোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছিলেন। 

বৈষম্য নিরসনে চার দফা দাবি: বেতন বৈষমস্য দূর করতে ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মহাজোট। দাবিগুলো হচ্ছে- সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণ, নিয়োগবিধি পরিবর্তন করে পুরুষ ও মহিলা- উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে সহাকারী শিক্ষক থেকে পদোন্নতির ব্যবস্থা এবং সিএনডি/ডিপিএড ও বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন উন্নীত স্কেলে বেতন নির্ধারণ। প্রাথমিকে মানুষ গড়ার কারিগর তথা সহাকারী শিক্ষকদের মর্যাদা রক্ষায় অবিলম্বে এই দাবিগুলো কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close