মানববন্ধন © টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে মানববন্ধন করেছে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করেন তারা। এদিকে মানববন্ধনে কর্মচারীদের বক্তব্যকে মিথ্যা ও মানহানিমূলক মন্তব্য করে তাঁদের বিচার দাবি করেছে শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক তাহের কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনকে মুঠোফোনে চাকুরিচ্যুত করার হুমকি দিয়েছেন। কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। তাদেরকে যদি এভাবে হুমকি দেওয়া হয়, তাহলে শান্তিতে কাজ করতে পারে না।
কর্মচারীদের অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, কর্মচারীদের সকল অভিযোগ মিথ্যা। তারা এ ধরনের কাজ করে আমার সম্মানহানি করেছেন। আমি আগামীকাল এ বিষয়ে সংবাদ সম্মেলন করবো।
কর্মচারীদের এমন মন্তব্যে শিক্ষকের মানহানি করা হয়েছে অভিযোগ করে প্রতিবাদলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার, মানববন্ধন ও মানহানিমূলক বক্তব্য ধৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শন। এ ধরনের কর্মকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ।
বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মকর্তা-কর্মচারীরা ধৃষ্টতা ও স্পর্ধা পরিলক্ষিত হয়নি। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ শিক্ষকবৃন্দের পাঠদানের অযোগ্য হয়ে পড়বে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকের ‘মানহানিকারী ও ঔদ্ধত্যপূর্ণ’ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন শিক্ষক নেতারা। অন্যথায় পরবর্তীতে তাঁরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন প্রেস বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে মন্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মন্তব্য জানতে চাইলে মুঠোফোনে ক্ষুদেবার্তায় তিনি জানান, প্রশাসন অভিযোগ গ্রহণ করেছে। তাঁরা তদন্ত করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেবে।