কুবি প্রশাসনের ক্রিকেট টুর্নামেন্ট শুধু ‘ছাত্রলীগের’ জন্য

১৬ মার্চ ২০২১, ০৪:০০ PM
টুর্নামেন্টের উদ্বোধন

টুর্নামেন্টের উদ্বোধন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুধুমাত্র ‘ছাত্রলীগের’ জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে শাখা ছাত্রলীগকে। এতে করে শুধুমাত্র ছাত্রলীগের নেতা-কর্মীরাই খেলার সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১২ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুদানে ‘মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ আয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া হলেও জার্সিতে আয়োজকের নামে রয়েছে ছাত্রলীগের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক তিনটি ছাত্র হল থেকে সর্বমোট আটটি দল খেলায় অংশগ্রহণ করতে নাম নিবন্ধন করে।

সাত বীরশ্রেষ্ঠ ও ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে নামাঙ্কিত এসব দলে শুধুমাত্র শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এমনকি বিভিন্নসময়ে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের বাজেটে শিক্ষার্থীদের খেলতে না দিয়ে প্রশাসন বৈষম্য তৈরি করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গতবছর আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের ১৯ টি দলের অন্তত দশজন অধিনায়কের সাথে কথা হয় প্রতিবেদকের। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দলের অধিনায়ক বলেন, ‘প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য আয়োজিত মুজিববর্ষ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কোন টপ পারফর্মার নেই। শুধুমাত্র ছাত্রলীগ না করায় বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এটি নিঃসন্দেহে টুর্নামেন্টের সৌন্দর্য হারাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধুমাত্র ‘ছাত্রলীগের’ জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া হলেও ছাত্রলীগের বাহিরে কেউ খেলার সুযোগ পাচ্ছেনা। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায়না।

এদিকে এ টুর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা জানেন না অর্থদপ্তরের পরিচালক। বরাদ্দের বিষয়ে জিজ্ঞেস করা হলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানিনা। আপনারা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন কতটাকা বাজেট দেওয়া হয়েছে।’

তবে দপ্তরের পরিচালক হিসেবে তাঁর এ তথ্য জানা থাকা দরকার কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কোন তথ্য দিতে পারবো না।’

তবে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নামে টুর্নামেন্টের জন্য একটি চেক অনুমোদন হয়েছে। মূলত সেই টাকা থেকেই এ টুর্নামেন্টের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. শামিমুল ইসলাম বলেন, এ টুর্নামেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নামে একটি আবেদনপত্র এসেছিল। সেই হিসেবেই বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁরা খেলতে না পারলে বিষয়টা খুবই দুঃখজনক।’

এদিকে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এ টুর্নামেন্টকে নিজেদের দলীয় টুর্নামেন্ট দাবি করে বলেন, ‘এ টুর্নামেন্টের বাজেটের একটি অংশ ছাত্রলীগ ম্যানেজ করেছে। এটা ছাত্রলীগের দলীয় টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে সহযোগিতা করেছে।’

তবে বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন সরাসরি কোন রাজনৈতিক সংগঠনকে দেওয়া যায় কিনা মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এখন কোন কথা বলতে পারবেন না বলে জানান।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950