পুলিশের লোগো © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে চলমান নিয়োগপ্রক্রিয়ায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪টি। গত ৯ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৩০ অক্টোবর আবেদনপ্রক্রিয়া শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে প্রাথমিকভাবে পদসংখ্যা অনির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত এ নিয়োগে ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে আগের নিয়োগ বিজ্ঞপ্তির তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা কম হওয়ার পাশাপাশি পদের সংখ্যা তিন গুণেরও বেশি বাড়তে পারে। ফলে প্রার্থীদের প্রতিযোগিতাও আগের তুলনায় সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিয়োগের সার্বিক তথ্য নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা। তিনি বলেন, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।
নিয়োগের সম্ভাব্য পদসংখ্যার বিষয়ে কামারুম মুনিরা আরও বলেন, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে, নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া বিবেচনায় শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি প্রস্তাবিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার কনস্টেবল চলমান বিজ্ঞপ্তির মাধ্যমেই নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, চলমান নিয়োগপ্রক্রিয়ায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা রয়েছে। আর প্রস্তাবিত ১০ হাজার পদের মধ্যে বাকি ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে পূরণ করা হবে।
কনস্টেবল নিয়োগের আগের ও চলতি বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করলে প্রার্থীদের প্রতিযোগিতার চিত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে ২ হাজার ৭০৩টি কনস্টেবল পদের কথা উল্লেখ করা হয়েছিল। এসব পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার চাকরিপ্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৭ জন প্রার্থীকে প্রতিযোগিতা করতে হয়েছিল।
অন্যদিকে, গত ৯ অক্টোবর প্রকাশিত বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতে কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে ৩০ অক্টোবর আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায়, এতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪টি। পুলিশ সদর দপ্তরের পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত পদ যুক্ত হয়ে মোট নিয়োগসংখ্যা ৬ হাজারে উন্নীত হলে এবার প্রতি পদের বিপরীতে গড়ে লড়বেন ১৭ জন প্রার্থী। সে ক্ষেত্রে আগের নিয়োগের তুলনায় এবার পদপ্রতি প্রতিযোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।