ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন সেমিনারটিতে বিশেষ অতিথি ছিলেন।
বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সেমিনারে মূখ্য আলোচক ছিলেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক আব্দুল জব্বার খান। এতে অমুসলিম নাগরিকদের প্রকার, ইসলামী রাষ্ট্রে তাদের অধিকার, সমতা, স্বাধীনতা, নিরাপত্তা, কর আদায়ে সুবিধা প্রদান, সামাজিক সুবিচার ও অমুসলিমদের নিজস্ব পারিবারিক আইন তুলে ধরেন তিনি।